পঞ্চগড় জেলা কারাগারে জহিরুল ইসলাম (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে৷ জহিরুলের পরিবারের দাবি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তবে বিজিবি অভিযোগ অস্বীকার করেছে৷
এ ঘটনায় গতকাল সোমবার জহিরুল ইসলামের স্ত্রী রেজিয়া খাতুন বিজিবির ছয় সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলতামাশ হোসাইনসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জন বিজিবি সদস্যের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা করতে যান৷ কিন্তু পুলিশ তাঁর মামলা নেয়নি৷ পরে তিনিসহ এলাকার শতাধিক নারী-পুরুষ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দিয়েছেন৷ অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন৷ ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, কেউ মামলা দিতে আসেনি৷ থানায় সাধারণ ডায়েরি করেছে পুলিশ৷
বিজিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মীরগড় ও মিিস্ত্রপাড়া ক্যাম্পের সদস্যরা গত শনিবার সকালে জহিরুল ইসলামের বাড়ি ঘেরাও করে গাঁজাসহ তাঁকে আটক করেন৷ পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়৷ আদালত গাঁজা বিক্রির দায়ে তাঁকে এক বছর আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন৷ ওই দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়৷ পরদিন রোববার বিকেলে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ রাতে অবস্থার অবনতি হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসককে কারাগারে ডেকে নেওয়া হয়৷ চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে কারা কর্তৃপক্ষ রাত একটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করে৷ রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়৷ এর আগে ১৫ মার্চ রাতে গাড়িয়ানপাড়া সীমান্তে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের সঙ্গে মীরগড় সীমান্ত ফাঁড়ির সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন বিজিবির পক্ষ থেকে এলাকার ১৬ জনের নামে পঞ্চগড় থানায় মামলা করা হয়৷ ওই মামলার ৭ নম্বর আসামি ছিলেন জহিরুল ইসলাম৷ ওই মামলায় তিনি কারাগারে ছিলেন। ২৪ মে তিনি জামিনে ছাড়া পান৷
জহিরুল ইসলামের বড় ছেলে আজিজার রহমান (৩০) বলেন, বিজিবির সদস্যরা তাঁর বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে বেদম মারধর শুরু করেন। এ সময় বিজিবির কয়েকজন সদস্য তাঁর বাবার কোমরে গাঁজার প্যাকেট বেঁধে দিয়ে বলেন, ‘ব্যাটা, ম্যাজিস্ট্রেটের সামনে মারপিটের কথা বলবি না৷’ চিকিৎসক আবুল কাশেম বলেন, রাত একটার দিকে তাঁকে জেলা কারাগারে ডেকে নেওয়া হয়৷
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, এলাকাবাসীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিলে সেখান থেকেই সুস্থ অবস্থায় জিহরুলকে কারাগারে পাঠানো হয়। কাজেই পরিবারের অভিযোগ ভিত্তিহীন৷