পঞ্চগড় চিনিকলে আখ বিক্রির টাকা পাচ্ছেন না চাষি
পঞ্চগড় চিনিকল কর্তৃপক্ষ চাষিদের পাওনা প্রায় পাঁচ কোটি টাকা পরিশোধ করতে পারছে না। শ্রমিক-কর্মচারীদের জানুয়ারির বেতনও দেওয়া হয়নি। ৩৪ কোটি টাকার চিনি অবিক্রীত পড়ে থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পাওনাদারদের ভয়ে অফিসে আসা বন্ধ করে দিয়েছেন।চিনিকল সূত্রে জানা গেছে, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থা চিনিকলগুলোর উৎপাদিত ৫০ হাজার টন চিনি বিদেশে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য চিনি বিক্রি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ছয় হাজার ৮০০ মেট্রিক টন চিনি গুদামে পড়ে রয়েছে। চিনিকল কর্তৃপক্ষ সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় একটি চক্র অভাবী ও দরিদ্র চাষিদের কাছ থেকে শতকরা ১০ ভাগ কমে আখ বিক্রির রশিদ কিনে নিচ্ছে। চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন জানান, চিনি বিক্রি করতে না পারায় কর্মকর্তা-কর্মচারীদের জানুয়ারির বেতন-ভাতা দেওয়া হয়নি। একই কারণে অবসরে যাওয়া অর্ধশত শ্রমিক-কর্মচারীর টাকা দিতে পারেনি চিনিকল কর্তৃপক্ষ। চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমের জন্য সাত হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে। এই জমি থেকে ৭৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত ৬৩ হাজার ৪৩৮ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে। চাষিদের পাওনা রয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের প্রায় দেড় কোটি টাকা পাওনা রয়েছে। চিনিকলের এমডি সামসুদ্দিন আহাম্মদ জানান, সরকার চিনি রপ্তানির সিদ্ধান্ত নেওয়ায় বিক্রি করা যাচ্ছে না। তাই কর্মকর্তা-কর্মচারীদের পাওনা ও চাষিদের আখ বিক্রির টাকা পরিশোধ করা যাচ্ছে না। এ অবস্থায় তিনি একপ্রকার পালিয়ে বেড়াচ্ছেন।