পঞ্চগড় চিনিকলের বিপুল পরিমাণ চিনি অবিক্রীত রয়ে গেছে। ফলে উৎপাদিত চিনি নিয়ে বিপাকে পড়েছে চিনিকল কর্তৃপক্ষ। এদিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসর ভাতার বিপরীতে সরকারি মূল্য অনুযায়ী ৫০ টাকা কেজি দরে চিনি দেওয়া হচ্ছে। এ কারণে বাজারমূল্য কম থাকায় কর্মকর্তা-কর্মচারীদের লোকসান গুনতে হচ্ছে।
চিনিকল সূত্রে জানা গেছে, ২০১১-১২ মৌসুমের দুই হাজার মেট্রিক টন ও ২০১২-১৩ মৌসুমের চার হাজার ২০০ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে। এই চিনির মূল্য প্রায় ৩১ কোটি টাকা। গত মৌসুমে সাত হাজার ৭৮৩ মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার ৪০১ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এর আগের মৌসুমে মজুত ছিল তিন হাজার মেট্রিক টন। এ পর্যন্ত এক হাজার ২০১ মেট্রিক টন চিনি বিক্রি হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নির্ধারিত ডিলাররা তাঁদের বরাদ্দকৃত চিনি উত্তোলন না করায় চিনির মজুত কমছে না বলে মিলের ভান্ডাররক্ষক রফিকুল ইসলাম জানান।
এদিকে চিনি অবিক্রীত থাকায় চিনিকলের অবসরপ্রাপ্ত ৬৭ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কয়েকজনকে তাঁদের অবসর ভাতার বিপরীতে চিনি বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। কিন্তু অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা-কর্মচারীরা ৪২ টাকা কেজি দরে চিনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে ভাতা হিসেবে যে টাকা পাওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক কম টাকা পাচ্ছেন তাঁরা।
ইক্ষু ক্রয়কেন্দ্রের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলাম বলেন, তাঁকে অবসর ভাতার আট লাখ টাকার বিপরীতে ১৬ মেট্রিক টন চিনি দেওয়া হয়েছে। এই চিনি তিনি প্রায় এক লাখ টাকা কমে বিক্রি করেছেন। অবসরের দুই বছরেও ভাতা না পেয়ে টাকার প্রয়োজনে বাধ্য হয়েই তাঁকে চিনি নিতে হয়েছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশীদ জানান, গত দুই মৌসুমের ৩১ কোটি টাকা মূল্যের ছয় হাজার ২০০ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়ে গেছে। ৬ ডিসেম্বর নতুন করে উৎপাদন শুরু হতে যাচ্ছে। ফলে চিনি রাখার জায়গার সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের অবসর ভাতা দেওয়া যাচ্ছে না। আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকজনকে অবসর ভাতা হিসেবে চিনি দেওয়া হচ্ছে।