পঞ্চগড় চিনিকলে মাড়াইকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের অবরোধের কারণে পঞ্চগড় চিনিকলে আখ সরবরাহ না থাকায় মাড়াইয়ের কাজ বন্ধ রয়েছে। চলতি মৌসুমে গত শুক্রবার আখমাড়াই শুরু হয়। এ অবস্থায় উপায়ন্তর না দেখে জেলার একমাত্র ভারী শিল্পটি সচল রাখতে আখচাষি ও কারখানা কর্তৃপক্ষ ১৮ দলের নেতাদের কাছে আখ পরিবহনকে অবরোধের আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছে। কিন্তু তাঁরা কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করায় আখচাষিরা সংকটে পড়েছেন।
চিনিকল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আখমাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ আখচাষি হাসির উদ্দিন আহামঞ্চদ। এবার ৭৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ শতাংশ।
পঞ্চগড় ইক্ষু জোনের আওতায় জেলার চারটি উপজেলায় ৩০টি আখ ক্রয়কেন্দ্র রয়েছে। ওই সব ক্রয়কেন্দ্র থেকে ৪৪টি ট্রাক্টর ব্যবহার করে মিলে আখ সরবরাহ করা হয়। এ ছাড়া মিল ফটকে রয়েছে আরও দুটি ক্রয়কেন্দ্র। সেখানে চাষিরা সরাসরি আখ বিক্রয় করে থাকেন। কিন্তু অবরোধের কারণে গত মঙ্গলবার থেকে আখ পরিবহন না থাকায় মাড়াইয়ের কাজ বন্ধ রয়েছে।
চিনিকলের কেন্দ্রীয় আখ চাষি সমিতির সভাপতি ও বোদা উপজেলার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ১৮ দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে আখ পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনগুলোকে অবরোধের আওতামুক্ত রাখার অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা অনুরোধ রাখেননি। এভাবে চলতে থাকলে জেলার একমাত্র ভারী শিল্পটি বন্ধ হয়ে যাবে।
চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন বলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে আখ পরিবহনকারী যানগুলোকে অবরোধের আওতামুক্ত রাখার বিষয়ে অনুরোধ করা হলেও তা রাখা হয়নি।
ক্ষোভ প্রকাশ করে সদর উপজেলার নাওয়াপাড়া গ্রামের আখচাষি আবু তোয়াবুর রহমান বলেন, ‘এমনিতেই প্রায় ১৫ দিন দেরিতে মিল চালু হয়েছে। দেরিতে আখ কাটায় আখ শুকিয়ে ওজন কমে গেছে। এখন অবরোধের কারণে আখ নিয়ে যেতে পারছি না।’
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশীদ বলেন, সরবরাহ বন্ধ থাকায় আখের সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের অনুরোধের পরও আখ পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন চলাচলে ছাড় দেওয়া হচ্ছে না।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ‘আখ চাষি সমিতি ও মিল কর্তৃপক্ষ আমাদের অনুরোধ করেছেন। কিন্তু আমরা বলেছি আগে দেশ বাঁচাতে হবে। তা ছাড়া চিনিকলের যানবাহনগুলো চলাচলে ছাড় দেওয়ার দায়িত্ব আমরা নিতে পারব না।