পঞ্চগড় ছাত্রলীগের সম্মেলনের পর পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে ছাত্রলীগ। আট বছর পর শুক্রবার পঞ্চগড় জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলন শেষ হলেও কমিটি না করেই কেন্দ্রীয় নেতারা চলে যান। এ সময় কমিটি ঘোষণার দাবিতে সার্কিট হাউসে কেন্দ্রীয় নেতাদের তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাত পৌনে দুইটায় কড়া পুলিশি প্রহরায় নেতারা সার্কিট হাউস ত্যাগ করেন। স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর কেন্দ্রীয় নেতারা দিনাজপুর গিয়ে গতকাল শনিবার আসাদুজ্জামানকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেন। কিন্তু এ কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি করেন স্থানীয় নেতারা। এতে আশরাফুল আলমকে সভাপতি ও আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করা হয়।নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বাদল নতুন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় নেতারা আমাদেরই সমর্থন দিয়েছেন। কেন্দ্রীয় নেতারাই বরং পাল্টা কমিটি করেছেন।’দলীয় সূত্র জানায়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান শুক্রবার দুপুরে জেলা সম্মেলনের উদ্বোধন করেন। জেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি এবং পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান ও সংরক্ষিত মহিলা সাংসদ ফরিদা আখতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। এক ঘণ্টা বিরতি দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার কথা বলে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে যান।