পঞ্চগড় জাপা দ্বিধাবিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের মুক্তি ও নির্বাচন ইস্যুতে পঞ্চগড়ে জাপার নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। বারবার নির্দেশের পরও আসন্ন নির্বাচনে জেলা জাপার সাধারণ সম্পাদক আবু সালেক পঞ্চগড়-১ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার না করে উল্টো নির্বাচনী প্রচারণায় নামায় মূলত এ বিভক্তি দেখা দেয়।
আবু সালেক নির্বাচনের প্রস্তুতি নিলেও জেলা জাপার সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীদের একটি পক্ষ নির্বাচন বয়কট করে দলের চেয়ারম্যানের মুক্তির দাবিতে আন্দোলন করছে।
দলীয় সূত্র জানায়, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে এরশাদের সরে দাঁড়ানোর পর তাঁর নির্দেশে অনেক স্থানেই দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু আবু সালেক তা করেননি। এতে চেয়ারম্যানের অনুরাগী দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরপর চিকিৎসার অজুহাতে এরশাদকে আটক এবং আবু সালেকের নির্বাচনী প্রচারণা শুরুকে কেন্দ্র করে স্থানীয় ও তৃণমুল নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ তুঙ্গে ওঠে। রেজাউল করিমের সমর্থনে নেতা-কর্মীদের একটি পক্ষ গত বুধবার এরশাদের মুক্তির দাবিতে মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। কিন্তু এই মিছিলে আবু সালেককে দেখা যায়নি।
রেজাউল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টি বলতে আমরা এরশাদকেই বুঝি। তিনি নির্বাচন থেকে সরে যাওয়ায় আমরাও নির্বাচনে যাচ্ছি না। আমরা এরশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন করছি।’
এদিকে আবু সালেক বলেন, ‘আগে নির্বাচনে জয়লাভ করি। তারপর প্রয়োজনে চেয়ারম্যানের মুক্তির দাবিতে রক্ত দেব।’ দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছেন বলে তিনি দাবি করেন।