পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মো. মোজাহার হোসেনকে একই দলের অপর অংশের নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার মোজাহার হোসেনের সমর্থকেরা বোদা উপজেলার সিপাইপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ কর্মসূচি প্রতিহত করতে অপর অংশের নেতা-কর্মীরাও পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ এবং বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এ উপজেলা বিএনপির একাংশের সভাপতি আবদুল আজিজের সমর্থক ১০-১২ জন নেতা-কর্মী গত সোমবার রাতে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোজাহার হোসেনকে লাঞ্ছিত করে। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জনসভায় অনুপস্থিত থাকা, দলটিকে বিভক্ত করাসহ নানা অভিযোগ এনে তাঁরা তাঁকে লাঞ্ছিত করে।এ ঘটনার প্রতিবাদে মোজাহার হোসেনের সমর্থক বোদা ও দেবীগঞ্জ উপজেলার সহস্রাধিক নেতা-কর্মী মিছিল বের করে বোদা উপজেলা সদরে আসতে চাইলে পুলিশ সিপাইপাড়া এলাকায় তাঁদের প্রতিরোধ করে। সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা বিএনপির এ অংশের সভাপতি মো. মোতাহার হোসেন সভাপতিত্ব করেন। এতে পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক আবু হাসান মো. ওয়াসিউল ইসলাম, সাজ্জাদুর রহমান জুয়েল বক্তব্য দেন। তাঁরা এ ঘটনার জন্য ফরহাদ-আজিজ পক্ষকে দায়ী করেন।জেলা বিএনপির সভাপতি মো. মোজাহার হোসেন জানান, ‘কতিপয় উচ্ছৃঙ্খল যুবক আকস্মিক আমার সঙ্গে তর্কবিতর্ক শুরু করে। একপর্যায়ে তাঁরা আমাকে মারধরের চেষ্টা করে।’ বিএনপির নেতা আবদুল আজিজ বলেন, ‘এরা কার সমর্থক জানি না। আমি জীবনে কোনো উচ্ছৃঙ্খল কাজে জড়িত ছিলাম না, কাউকে প্ররোচিতও করি নাই। তবে এমন ঘটনার নিন্দা জানাই।’