পঞ্চগড় জেলার সভাপতি থাকতে চান না মোজাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোজাহার হোসেন পঞ্চগড় জেলা বিএনপির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুধু তাঁকে দলের সদস্য হিসেবে রেখে অন্য সব দায়িত্বশীল পদ থেকে দূরে রাখতে কেন্দ্রীয় নেতাদের অনুরোধ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির বৈঠকে মোজাহার হোসেন এই ঘোষণা দেন। গতকাল থেকে মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক শুরু হয়েছে। প্রথম দিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পঞ্চগড়, সৈয়দপুর ও নীলফামারী সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাতে তিন জেলার নেতাদের সঙ্গে গুলশানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠক করেন। নয়াপল্টনের বৈঠকে অপর দুটি জেলা সৈয়দপুর ও নীলফামারী জেলার আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। তা ছাড়া বৈঠকে ২৩ এপ্রিল ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিস্তা ব্যারাজ পর্যন্ত লংমার্চ করার ব্যাপারে একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তিন জেলার নেতারাই অভ্যন্তরীণ সংকটের কথা তুলে ধরেন। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর জেলায় সাংগঠনিক সংকট রয়েছে। এটা ঠিক করা যাচ্ছে না। এখন আর তিনি তাল মিলিয়ে চলতে পারছেন না। এই অবস্থায় সব দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি তুলেছেন।