পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ছিটমহল থেকে নতুন করে ১৪টি পরিবারের ৪৫ জন সদস্য ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের পঞ্চগড় ও ভারতের কোচবিহার জেলার কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানি হয়। এতে তাঁরা ভারতে যাওয়ার জন্য মনোনীত হন।
ভারতে যাওয়ার আবেদনের সময়সীমা ১৬ জুলাই শেষ হয়। কিন্তু কোটভাজনী ছিটমহলের ১৬টি পরিবারের ৫৯ জন সদস্য ২০ জুলাই ভারতে যাওয়ার আবেদন করেন। বাংলাদেশ-ভারত জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের সুপারিশে তাঁদের আবেদন আমলে নেওয়া হয়। গতকাল কোটভাজনী ছিটমহলের নতুন বাজারে এ বিষয়ে শুনানি হয়। এতে ৪৮ জনের আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। তবে মনোনীত হলেও দুটি পরিবারের তিনজন সদস্য তাৎক্ষণিক ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের পরিবারের অন্য সদস্যরা ভারতে যাওয়ার জন্য মনোনীত না হওয়ায় তাঁরা নাম প্রত্যাহার করেন। মনোনীত না হওয়ার কারণ, ২০১১ সালের জনগণনায় তাঁদের নাম ছিল না।
চুক্তি অনুযায়ী, ছিটমহলে ২০১১ সালের জনগণনায় যাঁদের নাম ছিল, কেবল তাঁরা ভারতে যাওয়ার অনুমতি পাবেন। এ ছাড়া ২০১১ সালের পর তাঁদের পরিবারে জন্ম নেওয়া এবং বৈবাহিক সূত্রে পরিবারের সদস্য হওয়া ব্যক্তিরা ভারতে যাওয়ার অনুমতি পাবেন।
গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, কোচবিহার জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমেন দত্ত, ডেপুটি কন্ট্রোলার অচিন্ত্য সিংহ এবং দুই দেশের ওই দুই জেলার অন্য সরকারি কর্মকর্তারা।
শুনানি শেষে কোটভাজনী ছিটমহলের বাসিন্দা কমলেশ্বর রায় ও তাঁর স্ত্রী অনিতা রানী এবং নিত্যানন্দ রায় ও তাঁর স্ত্রী দীপালি রানী এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তাঁরা বলেন, এখানে তাঁরা সুবিচার পান না। সে জন্যই ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কমলেশ্বর বলেন, কোটভাজনীতে তাঁদের ৩০ বিঘার মতো জমি রয়েছে। তবে জমি বিক্রি করার বিষয়ে অন্য কেউ তাঁদের ওপর কোনো ধরনের চাপ বা হুমকি দেননি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম আজম বলেন, গতকাল পর্যন্ত সব মিলিয়ে পঞ্চগড় জেলা থেকে ৫১২ জন ভারতে যাওয়ার জন্য মনোনীত হয়েছেন। তবে মনোনীত ব্যক্তিদের মধ্যে যে কেউ আজ ৩১ জুলাইয়ের মধ্যে নাম প্রত্যাহারের সুযোগ পাবেন।
১৬ জুলাই পর্যন্ত মোট ৪৬৭ জন ভারতে যাওয়ার আবেদন করেন। তাঁদের মধ্যে গতকাল পর্যন্ত চারজন ভারতে না যাওয়ার আবেদন করেছেন। তাঁরা হলেন: গারাতি ছিটমহলের পলাশ চন্দ্র রায়, লক্ষ্মী রানী রায়, পাপড়ি রানী রায় ও ধ্রুবালি রানী রায়।
এই পরিবারের প্রধান বিজয় চন্দ্র বর্মণ বলেন, ‘এখানে আমাদের অনেক জমিজমা রয়েছে। এসব ছেড়ে কেন যাব। তা ছাড়া এখানে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এখানে মুসলমানদের সঙ্গে হিন্দুদের সম্পর্ক খুবই ভালো। সে জন্যই আমরা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পঞ্চগড়ের তিনটি উপজেলায় ৩৬টি ছিট রয়েছে। ২০১১ সালের জনগণনায় এসব ছিটের জনসংখ্যা ছিল ১৮ হাজার ৮৩৪ জন। এ বছরের ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত গণনায় দেখা যায়, নতুন করে জন্ম নিয়েছে ১ হাজার ৫০২ জন। এ ছাড়া বৈবাহিক সূত্রে অন্তর্ভুক্ত হয়েছেন ৫২৩ জন। তবে ২০১১ সালের মোট জনসংখ্যার ৬০১ জনকে এবারের গণনায় খুঁজে পাওয়া যায়নি। ১৮৭ জন মারা গেছেন। সব মিলিয়ে বর্তমান জনসংখ্যা ২০ হাজার ৭১ জন।