পঞ্চগড় থেকে ভারতে গেলেন আরও ১০৫ জন
পঞ্চগড়ের দেবীগঞ্জের বিলুপ্ত দহলা খাগড়াবাড়ি ও বোদার দইখাতা ছিটমহল থেকে ভারতে গেলেন ২১টি পরিবারের ১০৫ জন। এ নিয়ে এ জেলার ৩৬টি বিলুপ্ত ছিটমহল থেকে চার দফায় মোট ৯৩টি পরিবারের ৪৫২ জন সদস্য স্থায়ীভাবে ভারতে চলে গেলেন।
৩০ নভেম্বর এ জেলার বিলুপ্ত ছিটমহলগুলো থেকে আরও ৩৪ জনের ভারতে চলে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া আরও পাঁচজন ভারতে স্থায়ীভাবে যাওয়ার ব্যাপারে নাম লেখালেও তাঁরা আর যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। সহায়-সম্পত্তি বিক্রি করতে না পারায় ওই ৩৪ জন যথাসময়ে যেতে পারেননি।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে প্রয়োজনীয় কার্যক্রম শেষে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্তার হাতে ভারত যেতে ইচ্ছুক ওই ১০৫ জনের কাগজপত্র তুলে দেন। পরে তিনটি বাস ও পাঁচটি ট্রাকে ভারতীয় এসব নাগরিক ও তাঁদের মালামাল নিয়ে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তে রওনা দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। বিদায়কালে কলেজ মাঠে জন্মভূমি ছেড়ে যাওয়া এই লোকজনকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান স্বজনেরা। অনেকের বুকফাটা কান্নায় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সূচনা হয়।
ডাঙ্গাপাড়া সীমান্তে আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিবাসন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে এই ভারতীয় নাগরিকেরা চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তের ৭৮২ নম্বর প্রধান পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ডোমার ইউএনও সাবিয়া সুলতানা, দেবীগঞ্জ ইউএনও মো. শফিকুল ইসলাম, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রমাকান্ত গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম দফায় পঞ্চগড় সদরের গারাতি, বোদার নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদীঘি ও নাজিরগঞ্জ বিলুপ্ত ছিটমহলের ৪৮ জন, দ্বিতীয় দফায় দেবীগঞ্জের কোটভাজনী ও বালাপাড়া বিলুপ্ত ছিটমহলের ১৪৭ জন এবং তৃতীয় দফায় দহলা খাগড়াবাড়ি বিলুপ্ত ছিটমহলের ১৫২ জন ভারত যান।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম বলেন, ‘যাঁরা সহায়-সম্পত্তি বিক্রি করতে পারেননি, মূলত তাঁরাই এখনো যেতে পারেননি। তাঁদের সম্পদ সরকারিভাবে কেনার প্রক্রিয়া চলছে। আশা করছি ৩০ নভেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে তাঁরাও চলে যেতে পারবেন।’