পঞ্চগড় নীলফামারীতে স্বাস্থ্যসনদ ‘বাণিজ্য’
পঞ্চগড় ও নীলফামারীতে সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্যসনদ দিতে ঘুষ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই দুই জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক এই সনদ নেওয়ার জন্য ঘুষ দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন।শিক্ষা অফিস সূত্র জানায়, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়াদের কর্মস্থলে যোগদানের শর্ত হিসেবে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্যসনদ নিতে বলা হয়েছে।গত রোববার পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, স্টেনোটাইপিস্ট হাফিজুর রহমান ওই সনদে সংশ্লিষ্ট ব্যক্তির পাঁচ আঙুলের ছাপ নিয়ে লিখে দিচ্ছেন, ‘তাঁর শারীরিক কোনো অক্ষমতা নেই’। আর এসব সনদে স্বাক্ষর করেন সিভিল সার্জন।শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া তেঁতুলিয়া উপজেলার রশিদা বেগম বলেন, ‘কাজে যোগ দিতে হলে উপজেলা শিক্ষা অফিসে এই সনদ জমা দিতে হবে। যে কারণে ২৫০ টাকা দিয়ে এই সনদ নিয়েছি।’ এ ব্যাপারে জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, সিভিল সার্জনের নির্দেশে প্রতিটি সনদ বাবদ ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে।সিভিল সার্জন ইমারউদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অন্য এলাকায় আরও বেশি নেওয়া হচ্ছে।’নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় থেকে এই সনদ দিতে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডোমার উপজেলায় সদ্য নিয়োগ পাওয়া শিক্ষিকা অঞ্জলি রানী অভিযোগ করেন, স্বাস্থ্যসনদের জন্য তাঁর কাছ থেকে ৩০০ টাকা নিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী আবুল হোসেন। আবুল হোসেন টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘স্যার (সিভিল সার্জন) ছুটিতে আছেন, তাঁর নির্দেশেই এই টাকা নিচ্ছি।’ এ ব্যাপারে মুঠোফোনে নীলফামারীর সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দ বলেন, ‘আমি ছুটিতে আছি, স্বাস্থ্যগত সনদ দেওয়ার জন্য সরকারি ফি ১০০ টাকা, কেউ ৩০০ টাকা নিলে সেটা অন্যায় করেছে। অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। কেউ অতিরিক্ত টাকা নিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’