পঞ্চগড় মুক্ত দিবস পালন
বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি, বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পঞ্চগড় মুক্ত দিবস পালন করা হয়েছে।
সকালে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পণ করে। এরপর সেখান থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক শ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় সংগীতের পর শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর থানার ওসি মমিনুল ইসলাম। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মির্জা আবুল কালাম, সাবেক কমান্ডার এস এম লিয়াকত আলী, জেলা জাসদ সভাপতি আবদুল মজিদ, সদর উপজেলা কমান্ডার ইসমাঈল হোসেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম প্রমুখ।