পঞ্চগড় শহরে ১৫ দিনে ১০টি চুরি-ডাকাতি
পঞ্চগড় শহরে দিনদুপুরে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ১৮ মে প্রায় একই সময়ে দুপুরে শহরের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ১৫ দিনে পঞ্চগড় শহরে ১০টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। গত কয়েক দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।পুলিশের পক্ষ থেকে শহরের ডোকরোপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আইনশৃঙ্খলাবিষয়ক সভা করা হয়েছে। এ সময় পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, ‘বিশেষ অভিযান চালিয়েও দিনের বেলা চুরি বন্ধ হচ্ছে না। বিশেষ করে যেসব বাসায় কেউ থাকছে না, চোরেরা সেসব বাসা বেছে নিচ্ছে।’পঞ্চগড় নাগরিক কমিটি ১৮ মে দুপুরে যে সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সে সময় শহরের কায়েতপাড়া ও ডোকরোপাড়ায় পৃথক দুটি বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান শুরু হয়েছে।