পঞ্চগড় সরকারি শিশু পরিবারে বিক্ষোভের ঘটনায় জরুরি সভা
পঞ্চগড় সরকারি শিশু পরিবারের শিশুদের বিক্ষোভের ঘটনায় জেলা প্রশাসকের আহ্বানে গত রোববার রাতে জরুরি সভা হয়েছে। শিশুদের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নির্দোষ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই জরুরি সভায় গত ২১ এপ্রিল ও গত রোববারের বিক্ষোভের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে যেসব কারণে শিশুরা বিক্ষোভ করেছে, সভায় সে সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।শিশু প্রকাশ নামের একটি সংগঠনের জেলা সমন্বয়কারী সাজ্জাদুর রহমান বলেন, সভায় বক্তারা শিশু অধিকার ও শিশু-সুরক্ষার বিষয়ে কোনো ইতিবাচক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেননি। তিনি বলেন, প্রথমবার বিক্ষোভের পর শিশুদের মতামতের কোনো মূল্যায়ন করা হয়নি বলেই রোববার আবারও বিক্ষোভ হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম, পঞ্চগড় এমআর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গিয়াসুদ্দিন, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম।