পঞ্চগড়-১-এ মজাহারুল ছাড়া কাউকে না মানার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) মহাজোট থেকে সাংসদ মজাহারুল হক প্রধানের জায়গায় আর কাউকে মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
এ আসনে জাতীয় পার্টির নেতা আবু সালেককে মহাজোটের প্রার্থী করার খবরে গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় নেতারা এ ঘোষণা দেন। পরে তাঁরা শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করলে পুলিশ সরিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৮ সালে এ আসন থেকে মজাহারুল হক চারদলীয় প্রার্থী তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকারকে পরাজিত করে সাংসদ হন। এর মধ্য দিয়ে ৪০ বছর পর আসনটি আওয়ামী লীগের হাতে আসে। এলাকায় তাঁর বিকল্প কোনো প্রার্থী নেই। এবার তিনি দলীয় মনোনয়নও পেয়েছেন। এই মনোনয়ন পরিবর্তন করা হলে কেউ মানবে না। জাতীয় পার্টির কাউকে মনোনয়ন দেওয়া হলে আসনটি ধরে রাখা যাবে না।
সংবাদ সম্মেলনের পরে দলের স্থানীয় নেতা-কর্মীরা বেলা দুইটার দিকে মহাসড়ক অবরোধ করেন।