পঞ্চগড়ে অতিথি পাখি শিকার করে জনরোষে বিডিআর কর্মকর্তা
পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকাল শনিবার দুটি অতিথি পাখি শিকার করে জনরোষে পড়েন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) একজন কর্মকর্তা। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে তাঁকে এক ঘণ্টা আটকে রাখে। ভুল স্বীকার করার পর তাঁকে যেতে দেওয়া হয়। উপজেলার ময়দানদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম সাদা পোশাকে গাড়ি নিয়ে ময়দানদিঘিতে যান। এ সময় তাঁর ছেলে ও দুজন বিডিআর জওয়ান সঙ্গে ছিলেন। মাহফুজ আলম বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে দিঘিতে ভেসে বেড়ানো অতিথি পাখির ঝাঁক লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়েন। এতে দুটি পাখি মারা যায়। একটি পাখি তুলে গাড়িতে রাখার পর মৃত অন্য পাখিটি আনতে একজন বিডিআর জওয়ান পানিতে নামেন। এ সময় পাখি শিকারের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সেখানে জড়ো হয়ে এর প্রতিবাদ জানায়। পরে বিডিআর কর্মকর্তা গাড়ি নিয়ে স্থানীয় ইউপির ভবনে চলে যান। এলাকাবাসী তাঁকে সেখানে প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখে। পরে ভুল করার কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যানের সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন।ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, বিডিআরের ওই কর্মকর্তা অতিথি পাখি শিকার করা ভুল হয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, ওই কর্মকর্তা ৪ জানুয়ারি অতিথি পাখি শিকার করতে ময়দানদিঘিতে এসেছিলেন। ওই দিনও তাঁকে পাখি শিকার না করতে অনুরোধ করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আলী খান বলেন, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতিথি পাখি শিকার করার কথা স্বীকার করে লে. কর্নেল মাহফুজ প্রথম আলোকে বলেন, ‘শখের বসে পাখি শিকার করতে এসেছিলাম। আর কখনো তা করব না।’ঘটনার প্রত্যক্ষদর্শী পঞ্চগড় জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান, আইনজীবী আবুল কালাম আজাদ, ময়দানদিঘি এলাকার আসাদুল ইসলাম, আইনুল হক ও আমজাদ আলী অতিথি পাখি শিকার করার অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জেলা পরিবেশ পরিষদের সভাপতি তৌহিদুল বারী বলেন, ‘অতিথি পাখি শিকারি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা অতিথি পাখি রক্ষার জন্য প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করছি।’জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, ‘অতিথি পাখি শিকার বেআইনি। এটা বন্য প্রাণী সংরক্ষণ আইনের লঙ্ঘন। আমি আইনের পক্ষে। ময়দানদিঘিসহ জেলার অন্যান্য এলাকায় অতিথি পাখি রক্ষার উদ্যোগ নিয়েছি।’