বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের দাবিতে পঞ্চগড়ের পুঁটিমারি ছিটমহলে ভারতীয় নাগরিকদের অনশনের অষ্টম দিন অতিবাহিত হয়েছে গতকাল রোববার। টানা অনশনে গতকাল তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে এ পর্যন্ত ২৫ জন অসুস্থ হয়ে পড়লেন। তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, অসুস্থদের মধ্যে গারাতি ছিটমহলের আবু বক্কর ছিদ্দিক (৭০), পুঁটিমারি ছিটমহলের শাহিদা বেগম (৫০), রহিমা বেগম (৬০), আবদুল করিম (৬০) ও রাবেয়া বেগমকে (৬৫) গতকাল দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে ১৮ মার্চ থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার জেম জুট এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ভারতীয় পুঁটিমারি ছিটমহলে অনশন শুরু হয়। বাংলাদেশ ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহলের নেতারাসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নিয়েছেন।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, আজ সোমবার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ অংশের সভাপতি মো. মইনুল হক বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত ভারতের সব ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদ্যাপন করা হবে।’সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।কোচবিহারে সড়ক অবরোধের ঘোষণাপ্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরের সংহতি ময়দানে অনশন কর্মসূচি গতকাল ১৩ দিন পার হয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার কোচবিহারের মশালডাঙ্গা ও তিনবিঘা করিডর-সংলগ্ন মৃগীপুরে সড়ক অবরোধের ডাক দিয়েছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। অবরোধ চলবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এ ছাড়া এদিন ছিটমহলে প্রতিবাদ মিছিল করা হবে। সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেছেন, ছিটমহলবাসী অনশন চালিয়ে গেলেও ভারত সরকারের কোনো হেলদোল নেই। চুপ হয়ে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও। এদিকে সিপিএম, সিপিআই ও ফরোয়ার্ড ব্লকের কোচবিহার জেলার নেতারা পৃথক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, তাঁরা অবিলম্বে ছিটমহল সমস্যার সমাধান চান।