নছিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গতকাল রোববার থেকে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।ধর্মঘটের ফলে গতকাল ঠাকুরগাঁওয়ের সঙ্গে বিভিন্ন জেলাসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগের শিকার হয় যাত্রীরা। গত শনিবার রাতে সংবাদ সম্মেলনে জেলা মোটর মালিক সমিতি ধর্মঘটের এ ঘোষণা দেয়। সংবাদপত্র, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পচনশীল দ্রব্য বহনকারী যান ও ওষুধের গাড়ি ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।শনিবার সংবাদ সম্মেলনে জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার বলেন, নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত যানগুলোতে লাইট, হর্ন ও ফিটনেস নেই। এ ছাড়া এসব যানবাহন অবৈধ। ঝুঁকি নিয়ে এসব পরিবহন মহাসড়কে চলাচল করছে। ফলে একদিকে যেমন দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে পরিবহন ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসনকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে বলা হয়েছে। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এসব অবৈধ যান চলাচল বন্ধ না করা পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।