পঞ্চগড়ে অনেক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ছিটমহলবাসীর অনির্দিষ্টকালের গণ-অনশনে অনেক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবিতে গত বুধবার টানা গণ-অনশন শুরু করেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলের নাগরিকেরা।পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ভারতীয় ছিটমহল পুটিমারীর সামনে শামিয়ানা টানিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ ভারতীয় ১১১টি ছিটমহলের দুই শতাধিক মানুষ অংশ নিচ্ছেন।এদিকে টানা অনশনের কারণে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতিসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা অনশনস্থলেই অবস্থান করছেন। অনশনকারীরা বলছেন, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মোজাহার হোসেন বৃহস্পতিবার নেতা-কর্মীদের নিয়ে অনশনস্থলে গিয়ে সংহতি প্রকাশ করেন। সে সময় তিনি বলেন, ‘আমরা চাই মানবিক কারণে দ্রুত ছিটমহল চুক্তি বাস্তবায়ন হোক। ’৭৪-এ মুজিব-ইন্দিরা চুক্তি হয়েছে। ২০১১ সালে হাসিনা-মনমোহন প্রটোকল চুক্তি হয়েছে। ছিটমহল বিনিময় হয়নি। কিন্তু আমাদের বেরুবাড়ি দিয়ে দেওয়া হয়েছে।’এ ব্যাপারে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘স্থানীয়ভাবে আমাদের কোনো করণীয় নেই। বিষয়টি দুই দেশের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে বাংলাদেশের বর্তমান সরকার এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’