পঞ্চগড়ে আইনজীবীদের আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এবং পঞ্চগড় সদরের জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসান সরকারকে অপসারণের দাবিতে ১৪ দিন ধরে আদালত বর্জন কার্যক্রম চালাচ্ছেন আইনজীবীরা। ৮ মার্চ থেকে এ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে জেলা আইনজীবী সমিতি। ৮ মার্চ দুপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
পঞ্চগড় সদরের জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসান সরকার আবার তেঁতুলিয়া, আটোয়ারী, দেবীগঞ্জ ও বোদা উপজেলার সহকারী জজ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। আদালত বর্জনের কারণে দেওয়ানি মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে প্রায় আড়াই হাজার মামলার বিচারকাজ ব্যাহত হচ্ছে।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ সহকারী জজ মনিরুল হাসান পঞ্চগড় সদর আদালতের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। ৭ মার্চ জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উল আলমের সঙ্গেও এমন আচরণ করায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে পরদিন ৮ মার্চ দুপুরে বিশেষ বর্ধিত সভা ডাকে আইনজীবী সমিতি। সভায় সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ মনিরুল হাসানের অপসারণের দাবিসহ তাঁর আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।