ভারত ও মিয়ানমারের ছয়জন নাগরিকের সাজার মেয়াদ শেষ হলেও প্রশাসনিক জটিলতার কারণে তাঁরা দেশে ফিরে যেতে পারছেন না। বর্তমানে তাঁরা পঞ্চগড় জেলা কারাগারে বন্দী। অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তের বিভিন্ন স্থান থেকে বিজিবি তাঁদের আটক করে থানায় মামলা করে। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।পঞ্চগড় জেলা কারাগার সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিম দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নয়াপাড়া গ্রামের বিষ্ণু বর্মণের স্ত্রী শ্রীমতী পালকু রানীর (৩৫) সাজার মেয়াদ শেষ হয়েছে ২০১০ সালের ১০ জানুয়ারি। ভারতের জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার ঘুমটি সরকারপাড়া গ্রামের রাজন রায় (৫০), ছেলে সুমন রায় (২৬), ভাতিজা মানিক রায়ের (২৫) সাজার মেয়াদ শেষ হয়েছে ২০১০ সালের ৩০ নভেম্বর। মিয়ানমারের নাগরিক দুই ভাই জাফর আহমেদ (২৭) ও ফজল আহমেদের (২৩) সাজার মেয়াদ ১ জুলাই শেষ হয়েছে। কিন্তু এঁরা কেউ দেশে ফিরে যেতে পারছেন না। পঞ্চগড় জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) নাসিরউদ্দিন প্রধান বলেন, ছয় বিদেশি নাগরিক পঞ্চগড় জেলা কারাগারে বন্দী আছেন। এঁদের সাজার মেয়াদ শেষ হলেও দেশে ফিরে যেতে পারছেন না। এ ব্যাপারে আইজিকে (প্রিজন) জানানো হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে এঁদের দেশে ফেরত পাঠাতে হয়। তাই সময় লাগছে।