পঞ্চগড়ে আদালতে আগুন, পুড়ে গেছে কয়েক শ নথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কয়েক শ মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, একটি কম্পিউটার ও কিছু আসবাব পুড়ে গেছে।
এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির আবদুর রাজ্জাক সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে অগ্নিকাণ্ডে কিছু নথিপত্র পুড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই আদালতের বেঞ্চ সহকারী আফিজউদ্দিনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে। পরে আদালত তাঁকে জামিনে মুক্তি দেন।
এদিকে বেঞ্চ সহকারী আফিজউদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত পঞ্চগড়ের যুগ্ম ও জেলা জজ মামুন-অর-রশিদ অফিসে কাজ করেন। এমএলএসএস রাজীব এবং তিনি কাজ শেষে রাত ১০টায় বাসায় চলে যান। বাসায় ফেরার সময় তিনি অফিসের দরজা-জানালা বন্ধ করে যান।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আবদুল মালেক জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। তবে কয়েল বা বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড হতে পারে।
জেলা ও দায়রা জজ এম এ নূর ঘটনা তদন্তে গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৃষ্ণকান্ত রায়কে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিকে কাল রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা যুগ্ম ও দায়রা জজ মামুন-অর-রশিদ বলেন, ‘তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জানানো হবে।’
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও আদালত সূত্র জানায়, সকাল সাতটার দিকে আদালতের নৈশপ্রহরী আজহার আলী আগুন দেখে চিৎকার করতে থাকেন। নৈশপ্রহরী জানালা দিয়ে আগুন ও ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। অগ্নিকাণ্ডে যা ক্ষতি হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীদের দেওয়া পানিতে তার চেয়ে বেশি নথিপত্রের ক্ষতি হয়েছে। এই আদালতে দেওয়ানি, ফৌজদারি ও অর্থঋণ আদালতের প্রায় দুই হাজার মামলা বিচারাধীন।
আইনজীবীদের আশঙ্কা, ফৌজদারি ও অর্থঋণ আদালতের মামলার কাগজপত্র উদ্ধার করা সম্ভব হলেও পুড়ে যাওয়া দেওয়ানি মামলার মূল কাগজপত্র পাওয়ার সুযোগ নেই। এতে করে এসব মামলার বাদী-বিবাদীরা মারাত্মক বিপাকে পড়বেন।
সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান বলেন, জবানবন্দিগুলো পাওয়া যাবে না। এসব মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আইনজীবী নাজমুল ইসলাম জানান, ফৌজদারি মামলার কাগজপত্রগুলোর সূত্র পাওয়া গেলেও দেওয়ানি মামলার কাগজপত্র পাওয়া যাবে না। ফলে এসব মামলার বাদী-বিবাদীরা মারাত্মক বিপাকে পড়বেন।