পঞ্চগড়ে আরও ছয় অনশনকারী অসুস্থ
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের দাবিতে পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলবাসীর অনির্দিষ্টকালের অনশন গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। গতকাল আরও ছয়জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। অনশনকারীরা গতকাল বিকেল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দাবির বিষয়ে কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস পাননি।একই দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরের সংহতি ময়দানে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা।পঞ্চগড়ে গতকাল ছয় অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। এর আগে সোমবার চারজন অসুস্থ হন। গতকাল দুপুরের দিকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান অনশনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় মঞ্চের সামনে প্রতীকীভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও ১৫ মিনিটের জন্য পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ শাখার উদ্যোগে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পঞ্চগড়-ঢাকা মহাসড়কসংলগ্ন পুঁটিমারী ছিটমহলে গত রোববার থেকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু হয়।সমন্বয় কমিটি সূত্র জানায়, গতকাল শালবাড়ী ছিটমহলের সিরাজুল ইসলাম (৬০), গণকবাড়ীর আজিজুল হক (৫৫), পুঁটিমারীর আলিয়ার রহমান (৮০), আলিমউদ্দিন (৬৫), আসিরুল ইসলাম (৪৫) এবং দাশিয়ারছড়া ছিটমহলের জাহানারা বেগম (৫৫) অনশনস্থলে অসুস্থ হয়ে পড়েন। পঞ্চগড়ের জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানান, অনশনের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। এদিকে ভারতের দিনহাটায় অনির্দিষ্টকালের আমরণ অনশনের নবম দিন গতকাল পেরিয়েছে। সোমবার অসুস্থ হয়ে পড়া আটজন অনশনকারীকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন অনশনকারী গতকালও অনশন চালিয়ে যান। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পশ্চিমবঙ্গ শাখার আহ্বানে ছিটমহলের আটজন বাসিন্দা ও সমন্বয় কমিটির একজন নেতা অনশন শুরু করেন। সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল প্রথম আলোকে জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে ছিটমহল নিয়ে কোনো বার্তা না পেলে ২৬ মার্চ ভারতের ভূখণ্ডে থাকা সব ছিটমহল অবরোধ করা হবে।