পঞ্চগড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে উপানুষ্ঠানিক শিক্ষা (মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২) কার্যক্রম পরিচালনায় বাস্তবায়নকারী সংস্থা উত্তরায়ণ জনকল্যাণ মহিলা সমিতির (ইউজেএমএস) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নয় মাসের এ প্রকল্পের চার মাস চলে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে প্রকল্পটি ভেস্তে যেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।৮ মার্চ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির এক সভায় কমিটির সদস্যরা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিক সংস্থাটির সার্বিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় এক পর্যালোচনা সভায় সারা দেশের পাঁচটি সংস্থার কার্যক্রম সন্তোষজনক নয় বলে চিহ্নিত করা হয়। এর মধ্যে ইউজেএমএস রয়েছে।উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পঞ্চগড়ে প্রকল্পটি ২০০৯ সালের ১ অক্টোবর চালু হওয়ার কথা থাকলেও তা করতে পারেনি ইউজেএমএস। সদর ও বোদা উপজেলায় কাজ শুরু হয়েছে ১৫ নভেম্বর। ২০ ডিসেম্বর দেবীগঞ্জ, ১ জানুয়ারি আটোয়ারী ও ২৩ জানুয়ারি শুরু হয়েছে তেঁতুলিয়ায়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন গত বছরের ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।সরেজমিনে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ প্রকল্পের অধীনে ১৭০টি কেন্দ্রের প্রতিটির জন্য ৪৩ হাজার ৬৪০ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঘর নির্মাণে ২০ হাজার এবং উপকরণ ক্রয়ের জন্য ২৩ হাজার ৬৪০ টাকা বরাদ্দ ছিল। কিন্তু কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে যেনতেনভাবে। এসব কেন্দ্রের জন্য জনবল নিয়োগ করা হলেও তাদের ভাতাও নিয়মিত দেওয়া হচ্ছে না। কেন্দ্র পরিচালনায় এক কোটি ৩৯ লাখ ৫৭ হাজার টাকার প্রথম কিস্তি ৪৬ লাখ ৫২ হাজার ৩৩৩ টাকা সংস্থাটি তুলে নিয়েছে। প্রতিটি কেন্দ্রে এ টাকা খাত অনুযায়ী ব্যয় করার কথা থাকলেও তা করা হয়নি।কেন্দ্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির (সিএমসি)। কিন্তু যথাসময়ে বাস্তবায়ন নির্দেশিকা তাদের কাছে না পৌঁছানোয় তারা তাদের কার্যপরিধিই জানে না বলে অভিযোগ করলেন বোদা উপজেলার ডাঙ্গাপাড়া কেন্দ্রের সভাপতি মো. রফিকুল ইসলাম। সিএমসির মাধ্যমে যাবতীয় খরচ করার কথা থাকলেও গত বছরের অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় করেছেন সংস্থাটির জেলা সমন্বয়কারী শরীফুল ইসলাম।গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ইসলামপুর কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ছয়জন পুরুষ বসে গল্প করছেন। চাটাই দিয়ে তৈরি বেড়ার ঘরের ওপরে নিম্নমানের টিন। সিলিং নেই। কেন্দ্রের টেবিল, চেয়ার, সেলফ এবং আলমারিও নিম্নমানের। নোটিশ বোর্ড, সাইনবোর্ড ও রেডিও নেই। খাতা দেওয়া হয়েছে ৬০ পৃষ্ঠার জায়গায় ৩০ পৃষ্ঠার। বলপেন দেওয়া হয়নি। ছয়টির মধ্যে হারিকেন দেওয়া হয়েছে দুটি। একই চিত্র দেখা গেছে উপজেলার ডাঙ্গাপাড়া, কনাবালাপাড়া, সদর উপজেলার মধ্যপাড়া, বনগ্রাম, দামুপাড়া, বামনপাড়া ও আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী কেন্দ্রে।সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত ও তেঁতুলিয়ার ভাইস চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, কেন্দ্রগুলো যেনতেনভাবে নির্মাণ করা হয়েছে। সামান্য ঝড়-বৃষ্টিতে এসব ভেঙে পড়বে। নিম্নমানের উপকরণ সরবরাহ করা হয়েছে। এসব কেন্দ্রে চাহিদা অনুযায়ী কোনো উপকরণ সরবরাহ করা হয়নি। শিক্ষার কোনো পরিবেশ নেই। সংস্থাটি প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হলেও এরই মধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তেঁতুলিয়া উপজেলার চেয়ারম্যান মুক্তারুল হক জানান, এ কার্যক্রমে কোনো জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই।সংস্থাটির জেলা সমন্বয়কারী শরীফুল ইসলাম কিছু অনিয়মের অভিযোগ স্বীকার করে বলেন, কেন্দ্র পরিচালনায় ব্যয়ভার বহন করতে গিয়ে কিছু অনিয়ম হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে উপকরণসমূহ সরবরাহ করা হচ্ছে। নির্বাহী পরিচালক খায়রুন নাহার খানম জানান, সারা দেশে ২৯টি জেলায় কার্যক্রম এভাবেই চলছে। কেন্দ্রের ঘর নির্মাণ এবং বিভিন্ন উপকরণ সরবরাহ করার জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, ওই টাকায় সে অনুযায়ী কাজ করা সম্ভব নয়।উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক (পরিকল্পনা-মনিটরিং) আবুল কাশেম মুঠোফোনে জানান, পঞ্চগড়ে সার্বিক কার্যক্রম সন্তোষজনক নয়। জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, প্রকল্প বাস্তবায়নে নীতিমালা অনুসরণ করা হয়নি। প্রকল্প পরিচালক মো. জাহেদুল হক মোল্লা জানান, প্রকল্প বাস্তবায়নে ইউজেএমএস আন্তরিক নয়। এ জন্য সংস্থাটিকে কারণ দর্শানো হয়েছে। প্রয়োজনে চুক্তি বাতিল করা হবে।