প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এবং ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গতকাল সোমবার পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান মামলাটি করেন।একই অভিযোগে ভোলার মুখ্য বিচারিক হাকিম আদালতে রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেনকে আসামি করে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. রুহুল আমিন।পঞ্চগড়ে মামলায় বাদী আনিছুর রহমান অভিযোগ করেন, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশে খোন্দকার দেলোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন হুমকি দেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পরিণতি হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একই পরিণতি হবে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে তাঁরা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে হুমকি দিয়েছেন। এ হুমকিতে দেশের আইনশৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে।ভোলায় মামলার বাদী রুহুল আমিনও ২৫ জুলাইয়ের সমাবেশের উল্লেখ করে বিএনপির ওই দুই নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে মামলা করেন।