পঞ্চগড়ে কাজের অভাবে কম টাকায় শ্রম বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি নির্ধারিত সময়ে শুরু না হওয়া এবং টেস্ট রিলিফের বরাদ্দ না পাওয়ায় আগাম শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষিশ্রমিকেরা। আমন ধান পাকতে বাকি আরও ১৫-২০ দিন। এই সময়ে কৃষকের হাতে টাকা না থাকায় পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাঁদের। এ কারণে বাধ্য হয়েই কম টাকায় শ্রম বিক্রি করছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্রদের কর্মসংস্থানের জন্য গত ১ অক্টোবর থেকে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি চালুর কথা থাকলেও তালিকা সংগ্রহে জটিলতায় এখনো তা শুরু করতে পারেনি প্রশাসন। টেস্ট রিলিফের কাজ শুরু হলেও তা শ্রমিকদের তেমন কাজে আসছে না। সাংসদেরা এসব বরাদ্দ কেবল ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিয়েছেন। ওই সব প্রতিষ্ঠান বরাদ্দপ্রাপ্ত চাল বাজারে বিক্রি করে প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে লাগাবেন।
দিনমজুর ও কৃষিশ্রমিকেরা জানান, কাজ না থাকায় তাঁরা কম দামে আগাম শ্রম বিক্রি করছেন। ভরা মৌসুমে এক বিঘা জমির ধান কাটতে একজন কৃষিশ্রমিক মজুরি নেন এক হাজার টাকা। কাজের অভাবে বর্তমানে সেই এক হাজার টাকার শ্রম বিক্রি করছেন মাত্র ৩০০ থেকে ৪০০ টাকায়। ঋণ করে কোনো রকমে দিন কাটছে পরিবারের।
সদর উপজেলার চাকলা এলাকার কৃষিশ্রমিক হোসেন আলী বলেন, ‘দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা মজুরিতে কাজ করি। এখন ১০০ টাকায় দিনমজুরিতেও কাজ পাচ্ছি না। তাই বাধ্য হয়ে ১০০ টাকায় আগাম শ্রম বিক্রি করছি।’
স্থানীয় লোকজন জানান, শহরের পঞ্চগড়-হাঁড়িভাসা সড়কের রাজনগর হোটেল ও প্রেসক্লাবের সামনে শ্রমিকদের হাট বসে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শ্রমিক সকালে এসে জড়ো হলেও বেশির ভাগই কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন।
রৌশনাবাগ এলাকার রাজমিস্ত্রির জোগালি হালিমা বলেন, ‘প্রতিদিন সকালে আসি। কিন্তু কোনো কাজ পাই না।’
পঞ্চগড় সদর উপজেলার গড়েরডাঙ্গা এলাকার মাটিকাটা শ্রমিক আবুল হোসেন (৪০) বলেন, প্রতিদিন ১০ টাকা করে ভাড়া দিয়ে এসে তিন দিনে মাত্র ৭০ টাকা রোজগার করেছি। এই দিয়ে কি সংসার চলে?’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৪০ দিনের কর্মসূচিতে ১০ হাজার ৯২৪ জন নারী-পুরুষ কাজ করার সুযোগ পাবেন। ১ অক্টোবর থেকে কাজ শুরুর কথা ছিল। কিন্তু জনপ্রতিনিধিরা তালিকা চূড়ান্ত করতে না পারায় এক মাস পেরিয়ে গেলেও কাজ শুরু করা যায়নি। জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, গ্রামীণ খেতমজুর ও কৃষিশ্রমিকদের কাজ নেই। এ কারণে তাঁরা আগাম শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
পঞ্চগড় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনুস আলী বলেন, ইউপি চেয়ারম্যানদের পাঠানো তালিকা যাচাই-বাছাই করতে একটু দেরি হচ্ছে। দু-এক দিনের মধ্যে শুরু হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, দুই সাংসদের সুপারিশে টেস্ট রিলিফের ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হলেও সাধারণ শ্রমিকেরা এর সুফল পাচ্ছেন না।