পঞ্চগড়ে কোরবানির পশুর হাট সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় পৌরসভার রাজনগর কোরবানির হাট। ছবিটি গত রোববার বিকেলে তোলা l প্রথম আলো
পঞ্চগড় পৌরসভার রাজনগর কোরবানির হাট। ছবিটি গত রোববার বিকেলে তোলা l প্রথম আলো

পঞ্চগড়ের পশুর হাটবাজার সরগরম হয়ে উঠেছে। তবে গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম বেশি।

এ জেলার প্রধান হাটগুলোর মধ্যে রয়েছে রাজনগর, নগরকুমারী, ফকিরগঞ্জ, শালবাহান, চাকলা ও কালীগঞ্জহাট। রাজনগর হাট প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বসে। প্রতি হাটে এখানে ৭০০-৮০০ গরু কেনাবেচা হয় বলে হাটের ইজারাদার সূত্রে জানা গেছে।

গত রোববার পঞ্চগড় শহরের রাজনগর পশুর হাটে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক গরু-ছাগল-মহিষ উঠেছে। ক্রেতা-বিক্রেতার ভিড়। বিক্রিও হচ্ছে বেশ। ব্যবসায়ী ও বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা বলেন, গত বছরের তুলনায় এবার গরু-ছাগলের দাম বেশি। গত বছর যে গরু ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই ধরনের গরু বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ হাজার টাকায়। এ হাটে সর্বোচ্চ দেড় লাখ টাকায় কোরবানির গরু পাওয়া যাচ্ছে।

রাজনগর হাটে তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার গরু ব্যবসায়ী ছলেমান আলী আটটি কোরবানির গরু নিয়ে এসেছেন। তিনি বলেন, গত বছরের থেকে এবার দাম বেশি।

সদরের কামাতপাড়া থেকে একটি বড় ষাঁড় বিক্রি করতে এনেছেন কছিরউদ্দিন। তিনি ষাঁড়টির দাম হেঁকেছেন দেড় লাখ টাকা। ১ লাখ ৩০ হাজার টাকা বলেছেন এক ক্রেতা।

সদরের জগদলের আব্দুর রহিম বলেন, কোরবানির গরুর দাম গত বছরের চেয়ে খুব একটা বেশি না। সবকিছুর দাম বেড়েছে। গরুরও একটু দাম বেড়েছে।

পঞ্চগড় শহরের ইসলামবাগের ব্যবসায়ী নাসিরুল কাদের কোরবানির গরু কিনেছেন ৩৫ হাজার টাকায়। গত বছরের থেকে ৫-৬ হাজার টাকা বেশি লেগেছে বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের কালুরঘাট থেকে কোরবানির গরু কিনতে এসেছেন শামসুদ্দি নামের এক ব্যক্তি। রাজনগর কোরবানির হাটে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিবছর এ হাট থেকে ১৫০টি গরু কিনে চট্টগ্রামে নিয়ে বিক্রি করেন। এবার গরুর দাম চড়া হওয়ায় এখনো কিনতে পারেননি। আগের ঈদের ৩৫ হাজার টাকার গরু এবার ৫০ হাজার টাকা দাম হাঁকা হচ্ছে।

রাজনগর হাটের ইজারাদার আব্দুল হান্নান শেখ বলেন, কোরবানির সময় প্রতি হাটে ৮০০ থেকে ১২০০ গরু বেচাকেনা হয়।