পঞ্চগড়ে গণধর্ষণের অভিযোগে মামলা গ্রেপ্তার ১
পঞ্চগড় সদর উপজেলার হাড়ীভাসা এলাকায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে ঘটনার ১১ দিন পর বৃহস্পতিবার তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা প্রাণনাশের হুমকি দেওয়ায় ওই গৃহবধূ এত দিন মামলা করতে পারেননি। এ মামলার আসামিরা হচ্ছেন: সদর উপজেলার নতুনচাকলা এলাকার মো. বক্কর, চাকলাবাজারের আলম ও ভাণ্ডারু গ্রামের লাজু। তাঁদের মধ্যে পুলিশ আলমকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৫ এপ্রিল সন্ধ্যায় ওই নারী একই এলাকার আছিয়া নামে আরেক নারীর সঙ্গে বাড়ির পাশে কদমতলী এলাকার পাকা সড়কের কাছে যান। এ সময় ওই নারী তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় জোর করে ওঠান। অটোরিকশায় ওঠার পর মো. বক্কর নামে এক যুবক ওই নারীর মুখ চেপে ধরেন। রাত ১১টার দিকে তাঁরা ওই নারীকে উত্তর ভাটিয়াপাড়া গ্রামের এক মাঠে নিয়ে যান। সেখানে বক্করসহ আলম ও লাজু ওই নারীকে ধর্ষণ করেন। ওই নারীর মা জানান, ২৬ এপ্রিল সকালে তিনি তাঁর মেয়েকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজনের সহায়তায় বৃহস্পতিবার তাঁর মেয়ে সদর থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া আলম ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।