পঞ্চগড়ে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। দিনভর সূর্যের দেখা মেলেনি। এদিকে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত ৮৩টি শিশুকে এক দিনে হাসপাতালে নেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সূত্র জানায়, গতকাল ডায়রিয়া-আক্রান্ত সাতটি শিশুকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত ৭৬টি শিশুকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃষ্টি আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানিসহ শীতকালীন নানা অসুখে আক্রান্ত হচ্ছেন অনেকেই। শীতবস্ত্রের অভাবে গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বিপাকে পড়েছে। তারা খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে।
রংপুর মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ এ জে এম আজাদ শিশু ও বয়স্ক লোকজনকে গরম কাপড় ব্যবহার, বাসি ও ঠান্ডাজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।