পঞ্চগড়ে চার বিদ্যালয় মাঠে হাট, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার কাজলদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুনিরহাট কাজলদীঘি দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গত সোমবার হাটের দিন বিক্রি করা হচ্ছে বিভিন্ন গাছের চারা l ছবি: প্রথম আলো
পঞ্চগড় সদর উপজেলার কাজলদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টুনিরহাট কাজলদীঘি দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গত সোমবার হাটের দিন বিক্রি করা হচ্ছে বিভিন্ন গাছের চারা l ছবি: প্রথম আলো

পঞ্চগড় সদর উপজেলার চার বিদ্যালয়ের মাঠে নিয়মিত বসছে হাট। হাটের দিন আগেভাগেই শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজলদিঘী টুনিরহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়, টুনিরহাট আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও টুনিরহাট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রতি সোম ও শুক্রবার বসে হাট। এ চার বিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। সোমবার দুপুরেই বিদ্যালয় ছুটি দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা বিদ্যালয়ের মাঠে হাট বসানোর বিরোধিতা করলেও স্থানীয় সরকারদলীয় প্রভাবশালী মহলের তৎপরতায় এক দশক ধরে ওই মাঠে হাট বসছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
গত সোমবার দুপুরে এসব বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজলদিঘী টুনিরহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে প্রায় দুই শ দোকান বসেছে। মাঠটির পূর্ব পাশে মাছের বাজার, চায়ের দোকান, পাটের আড়তদার থেকে শুরু করে মসলার দোকান। প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ ও শহীদ মিনারের পাশেই বসেছে হলুদ ও মরিচের গুঁড়ার দোকান। মাঠের মাঝখানে বসেছেন কলার আড়তদার, কাঠের আসবাবের দোকানদার, গাছের চারার ব্যবসায়ীরা। আর উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনের জায়গাগুলোতে ধানের ব্যবসায়ীরা ওজনের কাঁটা ঝুলিয়ে ধান বেচাকেনা করছেন। অন্যদিকে টুনিরহাট আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও টুনিরহাট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটিতে বসেছে বাঁশের হাট।
নাম প্রকাশ না করার শর্তে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী বলে, বিদ্যালয়ের মাঠে হাট বসার কারণে লেখাপড়ার অনেক ক্ষতি হয়। সোমবার দুপুর পর্যন্ত ক্লাস হলেও সকালেই মাঠে হাট বসে যায়। ফলে হাটের কোলাহলে শ্রেণিকক্ষে মনোযোগ থাকে না।
হাটের ইজারাদার হারুন অর রশিদ বলেন, যুবলীগের স্থানীয় নেতা জালালউদ্দিন, আবু বকর সিদ্দিক ও তিনি—এই তিনজন মিলে সরকারি কোষাগারে প্রায় আট লাখ টাকা দিয়ে এই হাট ইজারা নিয়েছেন। সোম ও শুক্রবার এই হাট সকাল থেকেই শুরু হয়ে যায়। ফলে সোমবার বিকেল চারটা পর্যন্ত বিদ্যালয়ে পাঠদানের নিয়ম থাকলেও সেদিন দুপুরেই বিদ্যালয় ছুটি দেওয়া হয়। এ জন্য বিদ্যালয়গুলোতে প্রতিবছর অনুদান দেওয়া হয়। ইজারাদার জালালউদ্দিন এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
কাজলদিঘী টুনির হাট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, মাঠে হাট বসানোর কারণে পড়াশোনার ক্ষতি হচ্ছে। এলাকার শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে ভর্তি হতে চায় না। টুনিরহাট আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, ‘যাঁরা হাট পরিচালনা করেন, তাঁরা অত্যন্ত প্রভাবশালী। আমরা নিরুপায়।’ কাজলদিঘী টুনিরহাট উচ্চবিদ্যালয়ের সভাপতি আব্বাস আলী বলেন, ‘আপনারা সাংবাদিকেরা হাট বন্ধ করতে পারলে করেন। এই হাটের ব্যাপারে সবাই জানে। হাট ইজারাদারের কাছ থেকে প্রতিবছর ৪০ হাজার টাকা নেওয়া হয়।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী দীনা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’