পঞ্চগড়ে চিকিৎসক ধর্মঘট চলছেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে একজন চিকিৎসককে গ্রেপ্তার করার ঘটনায় গতকাল শনিবার স্থানীয় চিকিৎসকেরা দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেন। এ সময় বিভিন্ন ক্লিনিকে কাজ বন্ধ ছিল। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে এই ধর্মঘট চলছে। গতকাল পঞ্চগড় আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ ও ইনডোরে চিকিৎসা কার্যক্রম চললেও বহির্বিভাগে কোনো রোগী দেখেননি চিকিৎসকেরা। এতে দুই শতাধিক রোগী বিনা চিকিৎসায় ফিরে যায়। এই ধর্মঘটকে বেআইনি ও অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। ধর্মঘটের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারেরও দাবি জানান তাঁরা।