পঞ্চগড়ে চড়া দামে বিক্রি হচ্ছে ইউরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও অবরোধের অজুহাতে পঞ্চগড়ের গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে চড়া দামে ইউরিয়া বিক্রি হচ্ছে। প্রতি ৫০ কেজির এক বস্তা ইউরিয়ার সরকারি দাম ৮০০ টাকা। অথচ খুচরা সার বিক্রেতারা সাধারণ কৃষকের কাছ থেকে প্রতি বস্তা ইউরিয়ার জন্য এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন।
সদর, বোদা ও আটোয়ারী উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গতকাল বুধবার জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত সার ও বীজ মনিটরিং কমিটির সভায় গ্রামাঞ্চলে বেশি দামে ইউরিয়া বিক্রির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহউদ্দিন বলেন, বরাদ্দ অনুযায়ী ডিলারদের সার পুলিশি পাহারায় আনার ব্যবস্থা করা হয়। জেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই। কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ীর বিরুদ্ধে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বোদা উপজেলার মানিকপীর গ্রামের কৃষক শরিফউদ্দিন বলেন, ‘২০ বিঘা জমিতে গম, সরিষা ও আলু করেছি। বিশেষ করে গমখেতে ইউরিয়া দেওয়ার উপযুক্ত সময় হয়েছে। বাজারে হরতাল, অবরোধের কথা বলে সার ব্যবসায়ীরা এক হাজার ১০০ টাকার কমে সার দিচ্ছেন না। বাধ্য হয়ে বেশি দামেই ইউরিয়া কিনতে হচ্ছে।’
আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারের পল্লি চিকিৎসক নুরুল ইসলাম বলেন, ‘১২ বিঘা জমিতে বেগুন, আলু ও গম করেছি। বেগুনের দাম পাইনি। এখন গম ও আলু নিয়ে পড়েছি বিপদে। গম ও আলুতে ইউরিয়া দিতে হবে। কিন্তু বাজারে ইউরিয়া থাকার পরও সার বিক্রেতারা এক হাজার ১৫০ থেকে এক হাজার ২০০ টাকার কমে দিচ্ছেন না।’ একই ধরনের কথা বলেন সদর উপজেলার হাঁড়িভাষা ইউনিয়নের ঢাঙ্গীপুকুরী গ্রামের সাইদুর রহমান, বোদার মানিকপীর গ্রামের খাদেমুল ইসলামসহ কয়েকজন।
বোদার গড়েরডাঙ্গা বাজারের খুচরা সার বিক্রেতা হাবিবা ট্রেডার্সের মালিক আখতারুজ্জামান বলেন, পাইকারি দামে প্রতি বস্তা ইউরিয়া ৮৬০ টাকা হিসেবে শহরের বড় বড় ডিলারের কাছ থেকে আনতে হয়। আবার প্রতি বস্তায় দুই কেজি করে সার কম থাকে। পরিবহন খরচসহ কুলিশ্রমিকদের টাকা দিতে হয়। এ জন্য এক হাজার ১৫০ থেকে এক হাজার ২০০ টাকার কম দরে ইউরিয়া বিক্রি করলে পোষায় না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম জানান, জেলায় ১৬ হাজার ৬৭৬ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১৯ হাজার ১৭০ হেক্টরে। আলুর লক্ষ্যমাত্রা ১০ হাজার হেক্টর এবং ভুট্টার ২০ হাজার হেক্টর জমি। ডিসেম্বরে জেলায় ইউরিয়া সার বরাদ্দ ছিল দুই হাজার ৮৮০ মেট্রিক টন। উত্তোলন হয়েছে দুই হাজার ৮৫৩ মেট্রিক টন। জানুয়ারিতে বরাদ্দ আছে দুই হাজার ৭৯০ মেট্রিক টন। এ পর্যন্ত উত্তোলন হয়েছে ৬৪৯ মেট্রিক টন।
এখন বোরো আর গমের মৌসুম। হরতাল-অবরোধ যদি না থাকে, তাহলে জেলার কোনো কৃষকই ইউরিয়া থেকে বঞ্চিত হবেন না। জেলায় বিসিআইসি অনুমোদিত সারের ডিলার আছেন ৪৫ জন। একজনও সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিতে পারবেন না। বেশি দাম নেওয়া হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি ও সার ডিলার আবদুল হান্নান শেখ বেশি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আগে ঠাকুরগাঁও বাফার গোডাউন থেকে এক বস্তা সার আনতে খরচ হতো ৩০-৩৫ টাকা, এখন খরচ হচ্ছে ৭০-৮০ টাকা।