পঞ্চগড়ে ছিটমহলের বাসিন্দারা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি শিগগির বাস্তবায়ন করা হবে। বিনিময় হবে ছিটমহল। জমির বণ্টন নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ছিটের স্থানীয় শান্তি কমিটির সাদা কাগজে সিল-ছাপ্পরে কেনা জমির মালিকানার কী হবে, এই আশঙ্কাও তাড়া করছে অনেককে। সবচেয়ে বেশি আতঙ্কে আছেন ভূমিহীনেরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল আলম প্রথম আলোকে জানিয়েছেন, সরকারিভাবে যে নির্দেশনা আসবে, সে মোতাবেক জমি বণ্টন বা বরাদ্দ করা হবে।
বাংলাদেশের ভেতরে ১১১ ছিটমহলের মধ্যে পঞ্চগড়ের ছিটমহলগুলোতে ভূমিহীনের সংখ্যা সবচেয়ে বেশি। পঞ্চগড়ের শালবাড়ি ছিটমহলের মোহাম্মদ আফসার (৯০) বলেন, ‘মুই টিপসই দিছু। সাদা কাগজে জমি কিনিছু। আবার বেচিছু। এখন মোর কী হবে?’
বলিনাথ খান (৬০) বলেন, সাদা কাগজে শান্তি কমিটির চেয়ারম্যানের সই আর দুজন সাক্ষীর মাধ্যমে জমি কেনাবেচা হয়েছে। তিন ভাগের দুই ভাগ জমিই কিনেছে বাংলাদেশিরা। এখন জমি বণ্টন নিয়ে সমস্যা দেখা দিতে পারে।
শালবাড়ি ছিটমহলের ভূমিহীন শহীদুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে শান্তি কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলামের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এখন তিনি অনিশ্চয়তায় ভুগছেন। শহীদুল বলেন, তিনি এখন ছেলেমেয়ে নিয়ে কোথায় যাবেন। সরকার যেন তাঁদের জমি দেয়।
একরামুল হক (৫৫) ও নূরুজ্জামান (৬০) বলেন, ‘৪০ বছর ধরে সামিউল আলমের জমিতে আছি, এলা হামেরা কুনঠে যামো? হামার থাকিবার তানে জমি দিবা হবে।’
ছিটমহলের চেয়ারম্যানরা বলেছেন, ছিটমহলগুলোর অভ্যন্তরে অনেক খাসজমি থাকলেও প্রভাবশালীরা তা বেদখল করে আছেন।
পঞ্চগড় ও নীলফামারী ছিটমহল বিনিময় কমিটির সাধারণ সম্পাদক ও শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘শান্তি কমিটির পরিচালনায় যেভাবে জমি বেচাকেনা হয়েছে, সেভাবেই বণ্টন ও দখল থাকবে। খাসজমিগুলো ভূমিহীনদের মাঝে বণ্টন করা যেতে পারে।’
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির তথ্য ও ডকুমেন্টশন সম্পাদক ছিটমহল গবেষক এ এস এম ইউনুস বলেন, ১৯০৫ সালের সিএস জরিপে যেভাবে নাগরিকেরা ভূমির মালিকানা লাভ করেছেন, ঠিক একইভাবে বর্তমান প্রেক্ষাপটে ছিটমহলের নাগরিকদের যাঁর যে পরিমাণ জমি দখলে রয়েছে, তা দ্রুত তাঁর নামে রেকর্ডের ব্যবস্থা করা উচিত। পাশাপাশি সরকারকে বিভিন্ন ছিটমহলে থাকা খাসজমিগুলো ছিটমহলের ভূমিহীনদের মাঝে বণ্টন করার উদ্যোগ নিতে হবে।
জেলা রাজস্ব অফিস সূত্রে জানা গেছে, ১৯০৫ সালের তফসিলভুক্ত সার্ভে রেকর্ডসের (সিএস) ভিত্তিতে ছিটমহলের বাসিন্দারা এসব ভূমির মালিকানা লাভ করেন। ১৯৪৭ সালে স্যার রেডক্লিফের সীমান্ত নকশায় যেসব ভূখণ্ড বাদ পড়ে, সেগুলো ছিটমহল হিসেবে আখ্যায়িত হয়। ভারতীয় ছিটমহলবাসী ভারতে এবং বাংলাদেশি ছিটমহলবাসী বাংলাদেশের ভূমি নিবন্ধন কার্যালয়ে জমি ক্রয়-বিক্রয়ের দলিল করতেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পরিস্থিতি পাল্টে যায়। তখন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছিটমহলবাসীদের ভারতে প্রবেশে বাধা দেয়। পরে বাংলাদেশেও ছিটমহলের বাসিন্দাদের প্রবেশে বাধা দেওয়া হয়। ফলে জমি নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৮৮ সালের পর ছিটমহলগুলোর স্থানীয় শান্তি কমিটির সিল-ছাপ্পরে সাদা কাগজে জমি কেনাবেচা শুরু হয়। ক্রেতা, বিক্রেতা এবং দুজন সাক্ষী সাদা কাগজে স্বাক্ষর করতেন। একেই দলিল হিসেবে গণ্য করা হয়।