পঞ্চগড়ে ছোট নোটের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের ব্যাংকগুলোতে কয়েক দিন ধরে ১০০, ৫০ ও ২০ টাকার নোটের সংকট চলছে। ইউপি নির্বাচনের কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। তাঁরা বলছেন, ইউপি নির্বাচনের প্রার্থীরা ছোট ছোট নোটগুলো নিয়ে যাচ্ছেন। ভোট চলে গেলে এ সমস্যা থাকবে না।

জানা গেছে, ভোটারদের ম্যানেজ করতে প্রার্থীরা ব্যাংক থেকে ছোট ছোট নোট নিয়েছেন। সব প্রার্থীই ভোটারদের পেছনে কমবেশি টাকা ঢালছেন। কাল শনিবার পঞ্চগড় সদরের আট ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যান প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘ভোটারদের হাতে কিছু ধরিয়ে দিতে হয়। তা না হলে তাঁরা ভোট দিতে যাবেন না। এ জন্যই ব্যাংক থেকে ছোট নোট নেওয়া হয়েছে। তবে যেভাবে পারি, সেভাবেই ম্যানেজ করা হচ্ছে। সব প্রার্থীই এটা করছেন।’

গতকাল বৃহস্পতিবার শহরের সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকে গিয়ে জানা যায়, ১০০, ৫০ ও ২০ টাকার নোটের সংকট চলছে। ইউপি নির্বাচনের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা এসব নোট নিয়ে গেছেন। সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা আবদুল হান্নান সোনালী ব্যাংকে খুচরা টাকা চেয়েও পাননি। তিনি বলেন, ‘খুচরা টাকার অভাবে কেন্দ্রের খরচ বিতরণে সমস্যা হচ্ছে।’

সোনালী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, গতকালও এক চেয়ারম্যান প্রার্থী ৪০ হাজার টাকা নিয়েছেন। সবই ২০ টাকার নোট। তিনি বলেন, ২০ টাকার ১০ লাখ টাকার নোট ছিল তাঁদের ব্যাংকে। কয়েক দিনের মধ্যে তা শেষ হয়ে গেছে।

এবার গরিনাবাড়ী ইউনিয়নে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হচ্ছে বলে জানা গেছে। সেখানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও বিএনপির দুজন বিদ্রোহী ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন প্রার্থী বলেছেন, দিনে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে তাঁদের।