পঞ্চগড়ে ছয়জনের স্থলে একজন সাব-রেজিস্ট্রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাব-রেজিস্ট্রারের অভাবে পঞ্চগড়ে জমি নিবন্ধন করাতে আসা লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলার ছয়টি সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ছয়জনের স্থলে মাত্র একজন সাব-রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। এতে কোনো কার্যালয়ে সপ্তাহে এক দিন, আবার কোনো কার্যালয়ে সপ্তাহে আধাবেলা করে তাঁকে দায়িত্ব পালন করতে হচ্ছে।পঞ্চগড় সদর উপজেলায় দুটি, বোদা, আটোয়ারী, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় একটি করে সাব-রেজিস্ট্রারের কার্যালয় রয়েছে। এর মধ্যে শুধু জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের নিচে অবস্থিত রেজিস্ট্রি কার্যালয়ে একজন সাব-রেজিস্ট্রার আছেন। তিনিই বাকি পাঁচটি কার্যালয়ে দলিল নিবন্ধন সম্পাদন করেন।জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় দুই বছর ধরে তিনজন সাব-রেজিস্ট্রার দিয়ে ছয়টি সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম চলে আসছিল। মুজিবনগর সরকারের কর্মচারীর ভুয়া সনদে চাকরি করার অভিযোগে আইন মন্ত্রণালয় মাস দুয়েক আগে তেঁতুলিয়ার সাব-রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করে। একই অভিযোগে আইন মন্ত্রণালয় গত মাসের ২২ এপ্রিল আটোয়ারীর সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করে। ফলে গোটা জেলায় ছয়টি সাব-রেজিস্ট্রারের সংখ্যা মাত্র একজনে দাঁড়িয়েছে।জেলা রেজিস্ট্রার ৯ মে এক আদেশে পঞ্চগড় সদরের সাব-রেজিস্ট্রার জহুরুল ইসলামকে ছয়টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দায়িত্ব দেন। তাঁকে রবি ও সোমবার পঞ্চগড় সদরে আধাবেলা এবং রোববার টুনিরহাটে আধাবেলা, সোমবার আটোয়ারীতে আধাবেলা, মঙ্গলবার তেঁতুলিয়ায়, বুধবার বোদায় এবং বৃহস্পতিবার দেবীগঞ্জে সাব-রেজিস্ট্রারের দায়িত্ব পালনের নির্দেশ দেন। ৯ মে থেকে জহুরুল ইসলাম ছয়টি কার্যালয়ে সাব-রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন।পঞ্চগড় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক জাহিদুল ইসলাম জানান, সপ্তাহে দুই দিন আধাবেলা অফিস হওয়ায় জমি নিবন্ধনে ভিড় হয়।সাব-রেজিস্ট্রার জহুরুল ইসলাম বলেন, ছয়টি কার্যালয়ের দায়িত্ব পালন করতে অসুবিধা হলেও সরকারি দায়িত্ব পালন করতে হয়। অধিকাংশ সময়ই দলিল লেখকেরা অফিস সময়ের পর দলিল নিবন্ধন করাতে আসেন। দূরদূরান্ত থেকে জমির ক্রেতা-বিক্রেতারা আসায় তাঁদের অনুরোধে অফিস সময়ের পরও দলিল নিবন্ধন করতে হচ্ছে। এক কার্যালয়ে এক দিন বা আধাবেলা কাজের কারণে স্বাভাবিকভাবে ভিড় হয়।জেলা রেজিস্ট্রার আবদুর রশিদ সাব-রেজিস্ট্রারের অভাবে কার্যক্রম ব্যাহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মহাপরিদর্শককে (রেজিস্ট্রার) লিখিতভাবে জানানো হয়েছে। সাব-রেজিস্ট্রার কম থাকায় জমির ক্রেতা-বিক্রেতারা স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।