পঞ্চগড়ে জাল টাকা রাখায় গ্রেপ্তার ২
পঞ্চগড়ে ৪০ হাজার টাকার জাল নোট রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে জেলা শহরের জালাসীপাড়া বটতলী এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। এঁরা হলেন তেঁতুলিয়া উপজেলার ধামনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাহেরুল ইসলাম (৩৮) ও গোয়াবাড়ি গ্রামের সামস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার পর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ওই এলাকার একটি চায়ের দোকান থেকে জাল টাকা বিক্রির অভিযোগে জাহেরুল ও জাহাঙ্গীরকে আটক এবং তাঁদের কাছ থেকে নতুন ৪০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
ডিবি পুলিশের জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দাবি করেন, ‘জাহেরুল ও জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে তেঁতুলিয়ার বিভিন্ন সীমান্তে জাল টাকার ব্যবসা করেন। তাঁদের হাতেনাতে আটক করা হয়।
সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাঁদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।