পঞ্চগড়ে জেম জুট মিলে শ্রমিক ধর্মঘট
পঞ্চগড়ে জেমজুট কারখানার তাঁতশ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত শনিবার থেকে ধর্মঘট পালন করে আসছেন। তাঁরা গত চার দিন ধরে কাজে যোগ না দিয়ে মিলের প্রধান ফটকের সামনে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল মঙ্গলবার সকালেও শ্রমিকদের প্রধান ফটকে অবস্থান করতে দেখা গেছে।
শ্রমিকদের অভিযোগ, জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের জেমজুট মিলের উৎপাদ বাড়াতে গত এক মাস ধরে তিন পালায় (শিফট) কাজ করাসহ কোনো ধরনের সাপ্তাহিক ছুটিছাটা ছাড়াই তাঁরা শ্রম দিয়ে যাচ্ছেন। এত কঠোর পরিশ্রম করেও এখানকার একজন শ্রমিক সপ্তাহে এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকার বেশি আয় করতে পারেন না। আগে প্রতি বৃহস্পতিবার মজুরি পরিশোধ করা হলেও ইদানীং শুক্রবার বাধ্যতামূলক কাজ করানোর পর শ্রমিকদের পারিশ্রমিক দিচ্ছে মিল কর্তৃপক্ষ।
পারিশ্রমিক বৃদ্ধি, প্রতি বৃহস্পতিবার পারিশ্রমিক প্রদান, শুক্রবার ছুটিসহ যখন-তখন ছাঁটাই বন্ধের দাবিতে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা। ধর্মঘট চলাকালে বিক্ষোভও প্রদর্শন করেন তাঁরা।
শ্রমিক অবিনাশ রায়, হেলালউদ্দিন প্রমুখ জানান, শুক্রবার বাধ্যতামূলকভাবে কাজ করাসহ এখন তিন পালায় কাজ করতে হয় তাঁদের। টানা এ রকম কঠোর পরিশ্রমে সমস্যা হয়। তা ছাড়া কর্তৃপক্ষ কোনো ধরনের কারখানা আইন না মানায় এর প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন তাঁরা।
এ বিষয়ে কথা বলতে অনেক চেষ্টা করেও মিলের প্রধান কর্মকর্তা লে. কর্নেল (অব.) আবদুল মোনায়েমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপব্যবস্থাপক (মানবসম্পদ) সাজ্জাদ কাদির বলেন, এখানে কোনো শ্রমিককে কাজে বাধ্য করা হয় না।