পঞ্চগড়ে জেলা যুবলীগের বর্ধিত সভা পণ্ড
সাংসদদের বিরুদ্ধে বিষোদ্গার, হট্টগোল ও নেতা-কর্মীদের ক্ষোভের কারণে পঞ্চগড় জেলা যুবলীগের বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার পঞ্চগড় শহরের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। তবে যুবলীগের এক নেতা দাবি করেছেন পণ্ড নয়, সভা স্থগিত করা হয়েছে।গতকাল সকালে বর্ধিত সভা জেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে শুরু হয়। এতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সদস্য মোয়াজ্জেম হোসেন ও হাবিবুল্লাহ তুহিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুরুতেই কেন্দ্রীয় নেতারা বর্ধিত সভায় যোগ দিতে এলে বিভিন্ন উপজেলা থেকে আসা যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সভায় স্থানীয় দুই সাংসদের উপস্থিতিতে সভা করার দাবি জানান। একপর্যায়ে তাঁরা কেন্দ্রীয় নেতাদের সেখান থেকে চলে যেতে বলেন। পরে ওই কার্যালয়ে পুলিশ ঢুকতে চাইলে নেতা-কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ছাত্র ও যুবলীগের একটি পক্ষ পরিস্থিতি শান্ত করতে এলে নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে সভা পণ্ড হয়ে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় কেন্দ্রীয় নেতারা সেখান থেকে চলে যান। জেলা যুবলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. শাহজালাল বলেন, যুবলীগের যেসব নেতা-কর্মী দীর্ঘ সাত বছর রাজপথে থেকে নির্যাতনের শিকার হয়েছেন, দল ক্ষমতায় আসার পর আড়াই বছরেও তাঁরা কিছুই পাননি। অথচ এ সময়ে সাংসদেরা নিজের পরিবারের লোকজন ও আত্মীয়দের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। এ কারণে বঞ্চিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বর্ধিত সভা ভণ্ডুল করে দেন। কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন জানান, দুই সাংসদের সঙ্গে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীদের দূরত্বের কারণে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। স্থানীয় নেতা-কর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বর্ধিত সভা স্থগিত করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক বলেন, ‘জেলা যুবলীগ বা কেন্দ্রীয় নেতারা আমাকে কিছুই জানাননি। বর্ধিত সভায় কী ঘটেছে, তাও জানি না।’পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। দুই সাংসদ তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়দের সুযোগ-সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।