পঞ্চগড়ে জেলা রোভার মুট শুরু

‘মাদকমুক্ত প্রজন্ম গঠনে রোভারিং’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার থেকে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় পঞ্চগড় জেলা রোভার মুট শুরু হয়েছে। গতকাল সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া ডিগ্রি কলেজ মাঠে এ রোভার মুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব-প্রধান অতিথি সুরাইয়া বেগম। সুরাইয়া বেগম বাংলাদেশ স্কাউটসের গার্ল ইন স্কাউটিংয়ের জাতীয় কমিশনারও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা রোভারের কমিশনার ও মুটের চিফ মেহেদী হাসান খান, জেলা রোভারের সাধারণ সম্পাদক আবদুল কাদের প্রমুখ। এতে জেলার ৪০টি উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঁচ শতাধিক রোভার স্কাউট ও রোভার স্কাউট লিডাররা (আরএসএল) অংশ নিচ্ছে।
প্রধান অতিথি সুরাইয়া বেগম বলেন, ‘সৎ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি স্কাউটিংয়ের বিকল্প নেই। মাদকমুক্ত নতুন সমাজব্যবস্থা গড়ে তুলতে স্কাউটের সুশৃঙ্খল জীবন সহায়ক ভূমিকা পালন করবে।’ তিনি সেবামূলক মনোভাব নিয়ে দেশ গড়ার কাজে স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানান।