পঞ্চগড়ে ঝলমলে রোদে কর্মচঞ্চল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় আছে ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। মাঘ মাসে হাড়কাঁপানো শীত পড়ে। অথচ মাঘের দ্বিতীয় সপ্তাহ চললেও শীতের দেখা নেই পঞ্চগড়ে। মাঘের শুরু থেকে এখানে ঝলমলে রোদের কারণে শীত কমে গেছে।
পরিবেশ বিজ্ঞানীরা আবহাওয়ার এই পরিবর্তনের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
গতকাল বুধবার সকাল থেকে দিনভর রোদ ছিল। কয়েক দিন ধরে নিয়মিত সকাল থেকে রোদে মানুষ কর্মচঞ্চল হয়ে উঠেছে। এলাকার দুস্থ মানুষ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। ভালো আবহাওয়ার কারণে নিয়মিত কাজ করতে পেরে বেশ খুশি শহরের রিকশা-ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ।
কৃষি বিভাগ জানায়, গত বছর ঠিক এই দিনে জেলার তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে, বর্তমানে এখানে রাতে ১২ থেকে ১৪ এবং দিনে এর চেয়েও বেশি তাপমাত্রা থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, বিশ্বায়নের কারণে উষ্ণতা বাড়ছে। চলমান আবহাওয়া গম, আলু, সরিষাসহ রবিশস্য চাষের জন্য খুবই উপযোগী। তবে তামপাত্রা আরও বেড়ে গেলে গম চিটা হয়ে যাবে।