পঞ্চগড়ে টমেটোর আবাদ বেড়েছে তিন গুণ

পঞ্চগড়ে কৃষকেরা ধান-গমের ন্যায্যমূল্য না পাওয়ায় টমেটো আবাদে ঝুঁকছেন। গত বছরের তুলনায় এবার তিন গুণ বেশি জমিতে কৃষকেরা টমেটোর আবাদ করেছেন। ইতিমধ্যে কৃষকেরা টমেটো বিক্রি শুরুও করেছেন।
শুরুতে টমেটোর দাম একটু কম হলেও কিছুদিনের মধ্যে দাম বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষকেরা।
এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মৌসুম ধরে আমন, বোরো ধান ও গম আবাদ করে কৃষকেরা উৎপাদন খরচও ওঠাতে পারছেন না। এ কারণে ধানের আবাদ না করে এবার অনেক কৃষক টমেটোর আবাদ করেছেন। ইতিমধ্যে গ্রাম-গঞ্জের টমেটোর আড়তগুলো সচল হতে শুরু করেছে। কেউ তৈরি করছেন নতুন আড়তের জন্য ঘর আবার কেউ কেউ পুরোনো আড়ত মেরামত করছেন। বাইরে থেকে ব্যবসায়ীরা এসে এসব আড়ত ভাড়া নিয়ে কৃষকদের কাছ থেকে টমেটো কিনবেন। আর আড়তে পাকানোর পর প্যাকেটজাত হয়ে এই টমেটো চলে যাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে।
জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার জেলায় ২ হাজার ২৫২ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। গত বছর ছিল মাত্র ৭৫০ হেক্টর। সাধারণত শীতের শেষে বীজতলায় চারা লাগালেও এর ফলন আসে গ্রীষ্মকালে। তাই অনেকে এটিকে গ্রীষ্মকালীন টমেটো হিসেবেই চেনে। আর কৃষকেরা চেনেন শুধু হাইব্রিড হিসেবে।
জেলায় সবচেয়ে বেশি হাইব্রিড টমেটোর আবাদ হয় জেলা সদরের হাফিজাবাদ, হাঁড়িভাসা, চাকলাহাট, কামাত কাজলদিঘি, অমরখানা ও সদর ইউনিয়নে। ইতিমধ্যে আগাম লাগানো গাছ থেকে টমেটো তোলা শুরু হয়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। বাইরে থেকে এখনো ব্যবসায়ীরা না আসায় ব্যাপকভাবে টমেটো কেনা শুরু হয়নি। কয়েক দিনের মধ্যে টমেটোর চাহিদা বেড়ে গেলে দামও বাড়বে বলে আশা কৃষকদের। তবে অনেক এলাকায় ভাইরাসের কারণে জমির টমেটোগাছ তুলে ফেলে আবার নতুন করে চারা লাগাচ্ছেন কৃষকেরা। বিভিন্ন কোম্পানির ওষুধ স্প্রে করেও কোনো কাজে আসছে না। বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা গ্রামের কৃষক হামিদুল ইসলাম বলেন, ধান-গম চাষ করে উৎপাদন খরচ না উঠলেও হাইব্রিড টমেটোতে লাভ হয় নিশ্চিত। বিক্রিতেও কোনো ঝামেলা নেই। তিনি এবার এক একর জমিতে টমেটোর চাষ করেছেন। খরচ হয়েছে ৫০ হাজার টাকার মতো। তাঁর আশা, দেড় লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন বলেন, পঞ্চগড়ের মাটি টমেটো চাষের জন্য খুবই উপযোগী। সেই সঙ্গে কৃষকদের কাছে এটি লাভজনক ফসল। এই সময়টাতে দেশের অন্য কোথাও চাষ না হওয়ায় এখানকার উৎপাদিত টমেটোর চাহিদা ও দাম দুটোই বেশি।