পঞ্চগড়ে তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলায় রিপন (২০) নামের এক তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। তবে কে এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া বাজারের দোকান কর্মচারী রিপন বাজারের পাশে একটি বাড়িতে একাই থাকতেন। গত বৃহস্পতিবার রাতে তাঁর কয়েকজন বন্ধু মিলে ওই বাসায় খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন। গতকাল সকালে দোকানে না পেয়ে একজন গ্রাহক বাসায় তাঁকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে তিনি রিপনের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। এ ঘটনায় পাশের চন্দনবাড়ী ইউনিয়নের জাহিরুল ইসলাম এবং পাঁচপীর ইউনিয়নের আলামিন নামের দুই তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বোদা থানার ওসি মজনুর রহমান বলেন, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।