পঞ্চগড়ে দরপত্রের সঙ্গে জমা দেওয়া ব্যাংক ড্রাফট জালিয়াতির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত একজন ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা মানিক মিয়াকে আদালতের মাধ্যমে গত শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ১২ লাখ টাকার পোশাক সরবরাহের জন্য জেলা প্রশাসক সম্প্রতি একটি দরপত্র আহ্বান করেন। গত বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত ছিল দরপত্র দাখিলের শেষ সময়। নির্ধারিত সময়ে সাতটি দরপত্র জমা পড়ে। দরপত্র কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের সামনে দরপত্র কমিটির সদস্যরা বিকেল চারটায় দরপত্র বাক্স খোলেন। এ সময় তাঁরা দরপত্রের সঙ্গে জমা দেওয়া নিউ আলিম ক্লথ স্টোরের দুই লাখ পাঁচ হাজার, নবেল এন্টারপ্রাইজের দুই লাখ পাঁচ হাজার এবং আপটুডেট টেইলারিংয়ের এক লাখ ৩৫ হাজার ৫০০ টাকার মোট তিনটি ব্যাংক ড্রাফটে (বিডি) ঘষা-মাজা (ওভার রাইটিং) দেখতে পান। এতে দরপত্র কমিটির সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে পঞ্চগড় সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে ডেকে আনা হয়। তিনি ওই তিনটি দরপত্র প্রতিটি ৫০০ টাকার বলে নিশ্চিত করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম ভুঁইয়া বাদী হয়ে উল্লিখিত তিনটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে পঞ্চগড় থানায় মামলা করেন।সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মহিদুর রহমান চৌধুরী বলেন, ওই তিনটি ব্যাংক ড্রাফট প্রতিটি ৫০০ টাকার এবং গত বৃহস্পতিবার ওই শাখা থেকে এগুলো করা হয়েছে। পরে ব্যাংক ড্রাফটগুলোতে ঘষা-মাজার মাধ্যমে জালিয়াতি করা হয়েছে।