পঞ্চগড়ে দরপত্রে সমঝোতা!
পঞ্চগড় গণপূর্ত বিভাগের প্রায় এক কোটি ৩০ লাখ টাকার দরপত্রে সমঝোতা করার অভিযোগ উঠেছে। দুটি গ্রুপে মাত্র তিনটি করে ছয়টি দরপত্র জমা পড়েছে। সমঝোতার ফলে উচ্চ এবং সমদরে দরপত্র দাখিল করা হয়েছে। এতে সরকারের ১৫ লাখ টাকা ক্ষতি হতে পারে। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে।গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র নির্মাণের জন্য দুটি গ্রুপে এক কোটি ২৯ লাখ ২৩ হাজার ৩৮৯ টাকার দরপত্র আহ্বান করে। গত ১৮ জানুয়ারি ছিল দরপত্র দাখিলের শেষ সময়। দুটি গ্রুপে ১৭টি করে দরপত্র বিক্রি হলেও সমঝোতার ফলে জমা পড়েছে মাত্র ছয়টি। প্রতিটি গ্রুপে তিনটি করে দরপত্র জমা পড়েছে। এর মধ্যে দুটি দরপত্র উচ্চ আর মাত্র একটি প্রায় সমদরে দাখিল করা হয়। এ গ্রুপে প্রাক্কলিত দর ছিল ৫০ লাখ ২২ হাজার ৭৯৬ টাকা। সেখানে তিনটি দরপত্র জমা পড়েছে। কয়েকজন ঠিকাদার দাবি করেন, প্রতিযোগিতামূলক দরপত্র দাখিল হলে এই কাজটি কমপক্ষে ছয় লাখ টাকা কম দর উল্লেখ করে দাখিল করতেন ঠিকাদারেরা।একইভাবে ২ নম্বর গ্রুপে প্রাক্কলিত দর ছিল ৭৯ লাখ ৫৯৩ টাকা। সেখানে তিনটি দরপত্র জমা পড়েছে। কয়েকজন ঠিকাদার দাবি করেন, প্রতিযোগিতামূলক দরপত্র দাখিল হলে এই কাজের জন্য কমপক্ষে নয় লাখ টাকা কম দর উল্লেখ করে দাখিল করতেন ঠিকাদারেরা। গণপূর্ত অধিদপ্তরের একটি সূত্র জানায়, প্রতিযোগিতামূলক এই কাজ হলে কমপক্ষে ১২ শতাংশ কম দরে ঠিকাদারেরা দরপত্র দাখিল করতেন। এতে সরকারের প্রায় ১৫ লাখ টাকা সাশ্রয় হতো। দরপত্রে সমঝোতার সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, টেন্ডার নেগোসিয়েশন একটি প্রথাসিদ্ধ বিষয়। এ নিয়ে পত্রিকায় রিপোর্ট করার কিছু নেই।গণপূর্ত অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহা. উজির আলী বলেন, ‘শিগগিরই দরপত্র মূল্যায়ন কমিটির সভা আহ্বান করে দরপত্রগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। অফিসের বাইরে কী হয়েছে তা বলতে পারব না। তবে গণপূর্ত অধিদপ্তরের কেউ এসবের সঙ্গে জড়িত নন।’