পঞ্চগড়ে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলামারপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে হতদরিদ্র ৫০ জন নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রফিকুল ইসলাম। এর আগে বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে দুস্থদের তালিকা তৈরি করেন।কম্বল পেয়ে জমিলা, কান্দুরি, বাতাসি, রহিমা, শুকুরী বেওয়াসহ অনেকে সন্তোষ প্রকাশ করেন। কয়েকজন আনন্দে কেঁদে ফেলেন। কম্বল পেয়ে মণ্ডলপাড়া গ্রামের ফয়জুন বেওয়া (৮০) বলেন, ‘জারের (শীত) তানে নিন (ঘুম) ধরে না। আজি তুমুরাহ একখান কম্বল দিলেন। আল্লাহ তুমার ভাল করিবে। আজি ভাল করে নিন্দাম।’হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়। এ সময় পঞ্চগড় বন্ধুসভার সভাপতি আবদুল আলীম ও প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করি, অভাবী শীতকাতর মানুষের জন্য প্রথম আলো বেশি বেশি কম্বল বিতরণ করবে।’