পঞ্চগড়ে দুই দিনব্যাপী ভিতরগড় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজে​লায় গতকাল ভিতরগড় উৎ​সবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
পঞ্চগড় সদর উপজে​লায় গতকাল ভিতরগড় উৎ​সবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় দুর্গনগরীতে প্রথমবারের মতো গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী ‘ভিতরগড় উৎসব’ শুরু হয়েছে। গতকাল দুপুরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন।
এ ছাড়া উৎসব উপলক্ষে প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র প্রদর্শনী, সত্যপীরের গান, লাঠিখেলা, নাগরদোলাসহ গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন করা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রত্নতাত্ত্বিক চিত্র প্রদর্শনীসহ নানা স্টল ও দিঘির পাড়ে প্রত্নতাত্ত্বিক সাইট ঘুরে দেখেন। পরে সেখানে আলোচনা সভা হয়। ভিতরগড় প্রমোশনাল সোসাইটি এসব কর্মসূচির আয়োজন করে। সংস্কৃতিমন্ত্রী প্রত্নস্থল ও প্রত্ননিদর্শন-বিষয়ক ৪০টি আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন।
আসাদুজ্জামান নূর বলেন, ভিতরগড় দুর্গনগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলো খনন ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এসব জায়গার সাধারণ মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণও দেওয়া হবে। সাধারণ মানুষের ক্ষতি হয়, এমন কাজ শেখ হাসিনার সরকার করে না। ভিতরগড়ের রক্ষার দায়িত্ব এলাকাবাসীকেই নিতে হবে। এখানে পর্যটননগরী গড়ে উঠলে এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।
আসাদুজ্জামান নূর আরও বলেন, বর্তমান সরকার শুধু রাস্তাঘাট, শিক্ষা-স্বাস্থ্য ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নই নয়, দেশের ইতিহাস, সংস্কৃতি, পুরাকীর্তি ও প্রাচীন নিদর্শন সংরক্ষণ ও উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই ভিতরগড়ের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরা হবে। এটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাবে।
দুর্গনগরীর প্রত্নতাত্ত্বিক গবেষক শাহনাজ হুসনে জাহান লীনা বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় এমন সর্ববৃহৎ দুর্গনগরী আর একটিও নেই। তিনি দুর্গনগরী রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
ভিতরগড় প্রমোশনাল সোসাইটির প্রেসিডেন্ট সোহেল এ চৌধুরী ও মহাসচিব হাবিবুল্লাহ এন করিম প্রতিবছর মার্চ মাসের প্রথম শনিবার ‘ভিতরগড় দিবস’ পালনের ঘোষণা দেন। সভায় বক্তব্য দেন সাংসদ নুরুল ইসলাম ও নাজমুল হক প্রধান, সংস্কৃতিসচিব আক্তারি মমতাজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য ইমরান রহমান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত প্রমুখ।
প্রসঙ্গত, ইউল্যাবের শিক্ষক শাহনাজ হুসনে জাহান লীনা ২০০৯ সালের জানুয়ারি থেকে ভিতরগড়ে প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু করেন। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে উৎখনন কাজ চলছে।
এদিকে দুপুরে বোদা পৌর ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা, শ্রম, আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিচর্চা করার আহ্বান জানিয়ে প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আউয়াল সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংসদ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, সম্পাদক ফারুক আলম প্রমুখ।
এর আগে আসাদুজ্জামান নূর বোদার প্রামাণিকপাড়া গ্রামে তাঁর ফুফাতো ভাই মরহুম মোসাদ্দেকুল আলমের কবর জিয়ারত করেন।