পঞ্চগড়ে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে এক লাখ টাকা ক্ষতিপূরণ এবং জন্ম নেওয়া পুত্রসন্তানের ভরণপোষণে মাসে দুই হাজার টাকা প্রদানেরও আদেশ দেওয়া হয়েছে। এই টাকা সন্তানের ২১ বছর বয়স পর্যন্ত তাঁকে দিতে হবে এবং প্রতিবছর ২০ শতাংশ হারে এই টাকা বাড়বে।পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. নূর আলী গতকাল বুধবার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. রাসেল (২৫) সদর উপজেলার মীরগড় পশ্চিমপাড়া গ্রামের ফজলুল করিমের ছেলে।মামলা থেকে জানা গেছে, আসামি রাসেল একই গ্রামের একটি মেয়েকে গত ২০১১ সালের ২৬ মে দুপুরে নিজ বাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং রাসেলকে বিয়ের জন্য চাপ দেন। রাসেল বিয়ে করতে অস্বীকার করেন।