পঞ্চগড়ে নিয়োগ-প্রক্রিয়া বাতিলের আশঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ গতকাল বুধবার পর্যন্ত ঘোষণা করা হয়নি। এ অবস্থায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা নিয়োগপ্রক্রিয়া বাতিলের আশঙ্কা প্রকাশ করেছেন।এদিকে সিভিল সার্জন কার্যালয় ভাঙচুর করে পরীক্ষা স্থগিত করার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগ জড়িত নয় বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী দ্রুত মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা না করাকে তাঁরা পরীক্ষা বাতিলের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। আর এত বড় ঘটনায় মামলা না করে শুধু সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনারও নিন্দা জানান চাকরিপ্রার্থীরা। তাঁরা আরও বলেন, সিভিল সার্জন কার্যালয়ের স্থানীয় কর্মীরা হামলাকারীদের অনেককেই চেনেন ও জানেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে হবে।পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি মাহমুদ দাবি করেন, সিভিল সার্জন কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তাঁদের দলের কেউ জড়িত নয়। তিনি বলেন, সিভিল সার্জনের বাসার নৈশপ্রহরী আতিয়ার রহমানের পরীক্ষায় প্রথম হওয়ার বিষয়টি পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। তারাই সিভিল সার্জনের কার্যালয়ে হামলা চালায়।জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন ও এম আর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোখলেছার রেজা দাবি করেন, এ ঘটনায় যুবলীগ বা ছাত্রলীগ জড়িত নয়।যোগাযোগ করা হলে নিয়োগ কমিটির সদস্য সচিব ও পঞ্চগড়ের সিভিল সার্জন ইমারউদ্দিন কায়েস বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নিয়োগ কমিটির সভা ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’২১ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘পঞ্চগড়ে সিভিল সার্জন কার্যালয়ে যুবলীগ-ছাত্রলীগের ভাঙচুর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।