পঞ্চগড়ে নৌকা ডুবে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুণী স্নানোৎসবে যোগ দিতে আসছিলেন ওই তরুণ।

গতকাল রোববার রাত নয়টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণের চেষ্টায় নদী থেকে ওই তরুণের লাশ উদ্ধার করে।

নৌকা ডুবে মৃত তরুণের নাম বঙ্কিম চন্দ্র রায়। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের সংকর গ্রামের অখিল চন্দ্র রায়ের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল বিকেলে বাকপ্রতিবন্ধী ওই তরুণ পরিবারের লোকজনের সঙ্গে বারুণী স্নানোৎসবে যোগ দিতে আসেন। পরে তাঁরা স্নান করার জন্য নৌকায় করে এপাড় থেকে অন্য পাড়ে যাচ্ছিলেন। সে সময় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। এ সময় অন্য সব যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বঙ্কিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয় লোকজন নদীতে নেমে বঙ্কিমের খোঁজ করতে থাকে। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করে।

বোদা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম নৌকা ডুবে বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যুর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তরুণের মরদেহ উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানান, তরুণের লাশ গতকাল রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী কয়েক লাখ পুণ্যার্থী ও ভক্ত করতোয়া নদীর উত্তরীয় স্রোতের এই অংশে স্নানোৎসবে অংশ নিচ্ছেন। গতকাল শুরু হওয়া এই স্নানোৎসব শেষ হবে কাল মঙ্গলবার।