পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে সাত ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে পঞ্চগড় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের জজকোর্টের সামনে শত শত শ্রমিক সব প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেন।
এ ছাড়া শ্রমিকেরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। এ সময় শ্রমিক ও আইনজীবীদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছবি তুলতে গেলে শ্রমিকেরা কয়েকজন সাংবাদিককেও মারধর ও লাঞ্ছিত করেন।
বিকেলে স্থানীয় প্রশাসন ও শ্রমিকনেতারা বসে এ বিষয়ে আজ শুক্রবার বিকেলে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন। পরে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
পুলিশ, আইনজীবী ও কয়েকজন শ্রমিকনেতা সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে গতকাল সকালে কয়েকজন শ্রমিকের কথা-কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে জজকোর্টের পিপি আমিনুর রহমান ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে আইনজীবীরা আদালত চত্বরের সামনে তেঁতুলিয়াগামী একটি বাসের চালক ও তাঁর সহকারীকে মারধর করেন। খবর পেয়ে ক্ষুব্ধ শ্রমিকেরা জজকোর্টের চারদিকে অবস্থান নিয়ে আইনজীবীদের অবরুদ্ধ করে রাখেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েক দফায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় শ্রমিকেরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের জানালার কাচও ভেঙে ফেলেন। তাঁরা সমিতির ভবনের বাইরে থাকা আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া ওই সময় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় উভয় পাশে বাস-মিনিবাস, মাইক্রোবাস, কার, মোটরসাইকেলসহ শত শত যানবাহন আটকে পড়ে। বিশেষ করে ঈদের বাজার হওয়ায় কেনাকাটা করতে আসা লোকজন চরম দুর্ভোগে পড়েন। ছবি তোলার সময় শ্রমিকেরা ৭১ টিভির পঞ্চগড় প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে মারধর ও সাংবাদিক শহীদুল ইসলামকে লাঞ্ছিত করেন। শ্রমিকেরা তাঁদের আটক করে ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে শ্রমিকনেতারা এসে তাঁদের উদ্ধার করেন।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, আজ (শুক্রবার) বিকেলে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত হলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।